নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৩ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি ব্যাংককে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে আনা হয়েছে। আজ (০৩ মে) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। টানা দুই বছর শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করতে ব্যর্থ হওয়ায় নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুযায়ী এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
অবনমিত ব্যাংকগুলো হলো— এবি ব্যাংক পিএলসি, আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি, আইএফআইসি ব্যাংক পিএলসি, মার্কেন্টাইল ব্যাংক পিএলসি, এনআরবি ব্যাংক পিএলসি, এনআরবিসি ব্যাংক পিএলসি, ওয়ান ব্যাংক পিএলসি, প্রিমিয়ার ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, একই সঙ্গে এসব ব্যাংকের শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা প্রদান থেকে বিরত থাকতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর মার্জিন রুলস ২০২৫ অনুযায়ী এ নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।
এছাড়া কর্পোরেট ঘোষণার কারণে আজ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর শেয়ার লেনদেনে প্রাইস লিমিট শিথিল রাখা হয়েছে, যদিও ফ্লোর প্রাইস বহাল রয়েছে।
এর আগে গত সপ্তাহে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি এবং এসবিএসি ব্যাংক পিএলসিকেও ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করা হয়।
বাজার সংশ্লিষ্টদের মতে, ব্যাংক খাতে লভ্যাংশ না দেওয়ার প্রধান কারণ হচ্ছে শ্রেণিকৃত ঋণ ও বিনিয়োগের বিপরীতে বড় ধরনের প্রভিশন ঘাটতি। বাংলাদেশ ব্যাংক-এর বিধি অনুযায়ী, যেসব ব্যাংকের প্রভিশন ঘাটতি থাকে তারা লভ্যাংশ ঘোষণা করতে পারে না।
নিয়ন্ত্রক শর্ত পূরণে বেশ কয়েকটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ডিফারাল সুবিধা নিয়েছে। এর ফলে আর্থিক দায় কিছুটা স্থগিত থাকলেও তারা এখনো মুনাফা বণ্টনে সক্ষম হয়নি—যার সরাসরি প্রভাব পড়েছে শেয়ারহোল্ডারদের ওপর।
Posted ১১:০০ এএম | রবিবার, ০৩ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity