নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১২ মে ২০২৬ | প্রিন্ট
বিদেশে ভিসা আবেদন প্রক্রিয়ায় ব্যবহৃত ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট ও বিনিয়োগসংক্রান্ত নথির যাচাই সহজ ও দ্রুত করতে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এসব নথিতে বাধ্যতামূলকভাবে কিউআর কোড সংযুক্ত করতে হবে, যা অনলাইনে তাৎক্ষণিকভাবে যাচাই করা যাবে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
সার্কুলারে বলা হয়, বিদেশে ভিসা আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ব্যাংক নথি দূতাবাস বা ভিসা সেন্টারে জমা দিতে হয়। তবে এসব নথি যাচাইয়ের কার্যকর ও তাৎক্ষণিক ব্যবস্থা না থাকায় প্রক্রিয়ায় বিলম্ব, জটিলতা এবং প্রশাসনিক ব্যয় বৃদ্ধি পাচ্ছে।
এ পরিস্থিতি বিবেচনায় ব্যাংক স্টেটমেন্টসহ সংশ্লিষ্ট নথি ডিজিটালভাবে যাচাইযোগ্য করতে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নতুন নির্দেশনা অনুযায়ী, ব্যাংক স্টেটমেন্ট, সলভেন্সি সার্টিফিকেট এবং ইনভেস্টমেন্ট সার্টিফিকেটে অবশ্যই কিউআর কোড থাকতে হবে। এই কোড স্ক্যান করলে সংশ্লিষ্ট তথ্য অনলাইনে দেখা যাবে। এতে গ্রাহকের অ্যাকাউন্ট নম্বর, হিসাবধারীর নাম, স্টেটমেন্টের শুরু ও শেষ ব্যালেন্স এবং স্টেটমেন্ট ইস্যুর তারিখ অন্তর্ভুক্ত থাকবে।
বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, এসব তথ্য কমপক্ষে ছয় মাস সংরক্ষণ করতে হবে এবং যাচাইযোগ্য অবস্থায় রাখতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, এই ব্যবস্থা কার্যকর করতে ব্যাংকগুলোকে আগামী ৯০ দিনের মধ্যে প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো গড়ে তুলতে হবে। একই সঙ্গে তথ্যের নিরাপত্তা ও সাইবার সিকিউরিটির বিদ্যমান বিধি কঠোরভাবে অনুসরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করেছে।
Posted ৪:১৯ পিএম | মঙ্গলবার, ১২ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity