বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান হলেন মাসুদ খান, তিন কমিশনারও নিয়োগ

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬   |   প্রিন্ট

বিএসইসিতে নতুন নেতৃত্ব: চেয়ারম্যান হলেন মাসুদ খান, তিন কমিশনারও নিয়োগ
Share

দেশের পুঁজিবাজারে বড় ধরনের সংস্কার ও আস্থা পুনর্গঠনের প্রত্যাশার মধ্যেই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে এসেছে বড় পরিবর্তন। সরকার সংস্থাটির নতুন চেয়ারম্যান হিসেবে করপোরেট ব্যক্তিত্ব মাসুদ খানকে নিয়োগ দিয়েছে। একই সঙ্গে তিনজন নতুন কমিশনারও নিয়োগ পেয়েছেন।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া মাসুদ খান বর্তমানে ক্রাউন সিমেন্ট পিএলসির গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। আর কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন নারী আইনজীবী নাহিদ মাহতাব, আশা ইন্টারন্যাশনালের ফাইন্যান্স ডিরেক্টর তানভীর হাবিব রহমান এবং ঢাকা ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক নাফিজ-আল-তারিক।

প্রজ্ঞাপন অনুযায়ী, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩’-এর ধারা ৫(২) অনুযায়ী মাসুদ খানকে চার বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্যান্য সব প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে। তাঁর বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।

পুঁজিবাজার ও করপোরেট খাতে চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতা রয়েছে মাসুদ খানের। বর্তমানে তিনি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেডের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘ ১৮ বছর লাফার্জহোলসিম বাংলাদেশের চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) ছিলেন। এছাড়া ব্রিটিশ আমেরিকান টোব্যাকোতে দেশ-বিদেশে প্রায় দুই দশক গুরুত্বপূর্ণ আর্থিক পদে দায়িত্ব পালন করেছেন।

বর্তমানে তিনি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ, সিঙ্গার বাংলাদেশ এবং কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির স্বাধীন পরিচালক হিসেবেও যুক্ত আছেন।

মাসুদ খানের নিয়োগকে ঘিরে পুঁজিবাজারে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সুশাসন, প্রাতিষ্ঠানিক দক্ষতা ও আর্থিক ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা বাজারে শৃঙ্খলা ও বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এদিকে, সম্প্রতি ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (সংশোধনী) বিল, ২০২৬’ জাতীয় সংসদে পাস হওয়ার মাধ্যমে বিএসইসি চেয়ারম্যানের বয়সসীমা সংক্রান্ত বিধিনিষেধ তুলে দেওয়া হয়। এর ফলে ৭১ বছর বয়সী মাসুদ খানের জন্য কমিশনের নেতৃত্ব গ্রহণের পথ উন্মুক্ত হয়।

এর আগে বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং কমিশনার মু. মহসীন চৌধুরী, মো. আলী আকবর, ফারজানা লালারুখ ও মো. সাইফুদ্দিন পদত্যাগ করেন। এরপরই নতুন নেতৃত্ব গঠনের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে সরকার।

পুঁজিবাজার সংশ্লিষ্টদের মতে, বর্তমান বাস্তবতায় নতুন নেতৃত্বের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে বাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনা, সুশাসন নিশ্চিত করা এবং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা দূর করে কার্যকর সংস্কার বাস্তবায়ন করা।

 

/এসএ
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:৩৫ পিএম | বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com