নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১০ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির পরিচালনা ও আর্থিক কার্যক্রমে স্বচ্ছতা, স্থিতিশীলতা এবং আমানতকারীদের স্বার্থ সুরক্ষার লক্ষ্যে একজন পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১০ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৯(১)(ঘ)(আ) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. আশ্রাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে অংশগ্রহণ করবেন। পাশাপাশি ব্যাংকের সার্বিক কার্যক্রম, আর্থিক অবস্থা এবং পরিচালনাগত বিষয়গুলো সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় তথ্য, মতামত ও পর্যবেক্ষণ প্রদান করবেন।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতে সুশাসন, জবাবদিহি ও আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করার অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ইসলামী ব্যাংকের কার্যক্রমে আস্থা আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদে পরিবর্তন এবং নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে গ্রাহকদের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দেয়। এ সময় কয়েকটি শাখা থেকে উল্লেখযোগ্য পরিমাণ আমানত উত্তোলনের ঘটনাও ঘটে, যা ব্যাংকটির তারল্য পরিস্থিতি নিয়ে আলোচনার জন্ম দেয়।
ব্যাংক খাতের সংশ্লিষ্টরা মনে করছেন, দেশের অন্যতম বৃহৎ আমানতভিত্তিক ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা পুরো ব্যাংকিং খাতের জন্য গুরুত্বপূর্ণ। তাই কেন্দ্রীয় ব্যাংকের এই উদ্যোগ আমানতকারী ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে ইতিবাচক ভূমিকা রাখবে।
Posted ৯:৫২ পিএম | বুধবার, ১০ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity