নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৮ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত ইনটেক লিমিটেডের শেয়ার কেনার ক্ষেত্রে মার্জিন ঋণ সুবিধা দেওয়া থেকে বিরত থাকতে স্টক ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকারদের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে কোম্পানিটিকে বিদ্যমান ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
বুধবার (৮ জুলাই) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মার্জিন রুলস, ২০২৫-এর বিধি ১১(৮) অনুযায়ী ইনটেক লিমিটেডের শেয়ার কেনার জন্য কোনো ধরনের ঋণ সুবিধা দেওয়া যাবে না। ফলে বিনিয়োগকারীরা ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণ ব্যবহার করে কোম্পানিটির শেয়ার কিনতে পারবেন না।
অন্যদিকে, কোম্পানিটির রাজস্ব রিজার্ভ সমন্বয়ের পর পুঞ্জীভূত লোকসান বা রিটেইনড আর্নিংসের ঋণাত্মক স্থিতি পরিশোধিত মূলধনের চেয়ে বেশি হওয়ায় ইনটেককে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
বিএসইসির ২০ মে ২০২৪ তারিখের নির্দেশনার ১(ডি) ধারার আলোকে কোম্পানিটির ক্যাটাগরি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Posted ১১:০০ এএম | বুধবার, ০৮ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity