স্পোর্টস ডেস্ক | সোমবার, ২০ জুলাই ২০২৬ | প্রিন্ট
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ২০১০ সালের পর আবারও শিরোপা জিতে বিশ্ব ফুটবলের মুকুট নিজেদের করে নিয়েছে লা রোজারা।
ফাইনালের শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ ছিল স্পেনের দখলে। বলের দখল, পাসিং, আক্রমণ—সব বিভাগেই এগিয়ে ছিল ইউরোপিয়ান দলটি। তবে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক দুর্দান্ত সেভ করে নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত দলকে লড়াইয়ে রাখেন।
প্রথমার্ধে স্পেন ৬৫ শতাংশ বলের দখল ধরে রাখে এবং একাধিক গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারেনি। অন্যদিকে, আর্জেন্টিনা পুরো প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটই নিতে পারেনি।
দ্বিতীয়ার্ধেও একই চিত্র দেখা যায়। লামিন ইয়ামাল, দানি ওলমো, আলেক্স বায়েনা, মিকেল ওয়ারজাবাল ও পরে মাঠে নামা ফেরান তোরেস বারবার আর্জেন্টিনার রক্ষণে চাপ সৃষ্টি করেন। কিন্তু মার্টিনেজের দৃঢ়তায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।
নির্ধারিত সময়ের ইনজুরি টাইমে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ। ফলে অতিরিক্ত সময়ে ১০ জনের দলে পরিণত হয় বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
অতিরিক্ত সময়ের প্রথমার্ধে স্পেনের একটি গোল ভিএআরের সিদ্ধান্তে বাতিল হয়। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আসে কাঙ্ক্ষিত গোল। পেদ্রো পোরোর ক্রসে নিকো উইলিয়ামসের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে জাল খুঁজে নেন ফেরান তোরেস। শেষ পর্যন্ত সেই একমাত্র গোলেই নির্ধারিত হয় শিরোপার ভাগ্য।
ম্যাচজুড়ে স্পেনের আধিপত্য ছিল স্পষ্ট। ১২০ মিনিটে আর্জেন্টিনা লক্ষ্যে একটি শটও নিতে পারেনি, যা বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে বিরল এক ঘটনা। অন্যদিকে, স্পেন ধারাবাহিক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রেখে শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় তুলে নেয়।
গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছিল স্পেন। এরপর একের পর এক জয় তুলে নিয়ে কোনো ম্যাচেই গোল না হজম করে ফাইনালে পৌঁছে শেষ পর্যন্ত বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেয় তারা।
Posted ৩:৩৮ এএম | সোমবার, ২০ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity