স্পোর্টস ডেস্ক | রবিবার, ১৪ জুন ২০২৬ | প্রিন্ট
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে কঠিন পরীক্ষার মুখে পড়েও শেষ পর্যন্ত হার এড়িয়েছে ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ম্যাচের শুরু থেকেই ব্রাজিলকে অস্বস্তিতে ফেলে মরক্কো। মাঝমাঠে কাসেমিরো, লুকাস পাকেতা ও রক্ষণভাগের ভুলে বারবার সুযোগ তৈরি করে আফ্রিকার দলটি। ব্রাজিলের অগোছালো শুরুর সুযোগ কাজে লাগিয়ে ২৭তম মিনিটে এগিয়ে যায় মরক্কো।
রিয়াল মাদ্রিদের তারকা ব্রাহিম দিয়াজের দারুণ পাসে ব্রাজিলের রক্ষণভাগ ভেদ করে ডি-বক্সে প্রবেশ করেন ইসমাইল সাইবারি। গোলরক্ষক আলিসন বেকারকে পরাস্ত করে নিখুঁত ফিনিশে মরক্কোকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন পিএসভি আইন্দহোভেনের এই ফরোয়ার্ড।
গোল হজমের পরও কাঙ্ক্ষিত ছন্দ খুঁজে পাচ্ছিল না ব্রাজিল। তবে দলের সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠেন ভিনিসিয়ুস জুনিয়র। ৪১তম মিনিটে ব্রুনো গিমারেসের পাস থেকে বল পেয়ে একক নৈপুণ্যে ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত শটে গোল করে ব্রাজিলকে সমতায় ফেরান রিয়াল মাদ্রিদ উইঙ্গার।
বিরতির পর কোচ কার্লো আনচেলত্তি কৌশলগত পরিবর্তন আনেন। ফাবিনিয়ো ও দানিলোকে মাঠে নামানোর পর ব্রাজিলের মাঝমাঠে স্থিতি ফিরে আসে। বলের দখল বাড়ে, কমে ভুল পাসের সংখ্যা। ফলে প্রথমার্ধে দাপট দেখানো মরক্কোও আর আগের মতো আক্রমণাত্মক হতে পারেনি।
দ্বিতীয়ার্ধে দুই দলই কয়েকটি সম্ভাবনাময় আক্রমণ গড়লেও শেষ পর্যন্ত জয়সূচক গোলের দেখা পায়নি। ব্রাজিলের হয়ে রাফিনিয়া, মাথেউস কুনিয়া ও লুইজ হেনরিখ প্রত্যাশা পূরণে ব্যর্থ হন। অন্যদিকে মরক্কোর আজেদ্দিন ওনাহি, ব্রাহিম দিয়াজ ও সাইবারিরা চেষ্টা চালালেও ব্রাজিলের সংগঠিত রক্ষণ ভাঙতে পারেননি।
ফলে শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়ে দুই দল। ফলাফলটি মরক্কোর জন্য আত্মবিশ্বাস বাড়ানোর হলেও ব্রাজিলের জন্য সতর্কবার্তা। শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে সেলেসাওদের মাঝমাঠের সমন্বয়, রক্ষণভাগের শৃঙ্খলা এবং আক্রমণে কার্যকারিতা—সব ক্ষেত্রেই আরও উন্নতি করতে হবে।
ম্যাচসেরা: ভিনিসিয়ুস জুনিয়র
ফলাফল: ব্রাজিল ১-১ মরক্কো
গোলদাতা: ইসমাইল সাইবারি (মরক্কো), ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল)।
Posted ৯:২২ এএম | রবিবার, ১৪ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity