
| শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 893 বার পঠিত

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিনটি কোম্পানিতে দীর্ঘদিন ধরে পর্ষদ সভা না হওয়ায় করপোরেট শাসনব্যবস্থা ও বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দেওয়ায় কঠোর অবস্থান নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ প্রেক্ষাপটে সংশ্লিষ্ট তিন কোম্পানিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পর্ষদ সভা আয়োজনের নির্দেশ দিয়েছে কমিশন।
বিএসইসির নির্দেশনা অনুযায়ী, আগামী ১২ কর্মদিবসের মধ্যে এসব কোম্পানির পর্ষদ সভা বাস্তবায়ন করতে হবে। এ সভায় সংশ্লিষ্ট সব পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক (এমডি), প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) এবং কোম্পানি সচিবকে উপস্থিত থেকে দায়িত্ব পালন নিশ্চিত করতে বলা হয়েছে।
এই নির্দেশনার আওতায় থাকা কোম্পানিগুলো হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিএসইসির ওয়েবসাইটে এ সংক্রান্ত আদেশ প্রকাশ করা হয়।
কমিশন সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় ধরে নিয়মিত পর্ষদ সভা না হওয়ায় এসব কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা, বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ কার্যত স্থবির হয়ে পড়েছে। এর ফলে একদিকে যেমন আইনগত বাধ্যবাধকতা পূরণে ব্যত্যয় ঘটছে, অন্যদিকে বিনিয়োগকারীদের আস্থা ও করপোরেট গভর্ন্যান্সও প্রশ্নের মুখে পড়ছে। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং কোম্পানিগুলোর শাসনব্যবস্থা সচল রাখতেই কমিশন এই বিশেষ আদেশ জারি করেছে।
বিএসইসির আদেশে আরও বলা হয়, সংশ্লিষ্ট তিনটি কোম্পানি ধারাবাহিকভাবে বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ত্রৈমাসিক আর্থিক হিসাব নির্ধারিত সময়ের মধ্যে দাখিল করতে ব্যর্থ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড এখনো ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ চলতি অর্থবছরের কোনো ত্রৈমাসিক প্রতিবেদন জমা দেয়নি। একই ধরনের অনিয়ম বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ক্ষেত্রেও লক্ষ্য করা গেছে।
এদিকে, এসব কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ সংক্রান্ত আইনি জটিলতার কারণে আগে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা কার্যকর ছিল। সম্প্রতি আপিল বিভাগ সেই নিষেধাজ্ঞা স্থগিত করায় কমিশনের নির্দেশনা বাস্তবায়নের পথ উন্মুক্ত হয়। এর ধারাবাহিকতায় নির্দিষ্টভাবে এই তিন কোম্পানিকে পর্ষদ সভা আহ্বানের নির্দেশ দেওয়া হয়েছে।
কমিশন আরও জানিয়েছে, আইন লঙ্ঘনকারী অন্যান্য তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধেও নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে। প্রয়োজনে পর্ষদ পুনর্গঠনসহ বিভিন্ন প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হবে, যাতে পুঁজিবাজারে শৃঙ্খলা বজায় থাকে এবং বিনিয়োগকারীদের আস্থা অটুট থাকে।

Posted ৪:৩২ অপরাহ্ণ | শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


