নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনায় অনিয়মের অভিযোগে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিধিবহির্ভূত বিনিয়োগের প্রমাণ পাওয়ায় ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড-কে পরিচালিত একটি ফান্ডে মোট ২০ কোটি ৫৯ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি।
বুধবার (৬ মে) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ১০১২তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট অর্থ ফান্ডে জমা দিতে হবে; অন্যথায় ২২ কোটি ৭৫ লাখ টাকা জরিমানা গুনতে হবে কোম্পানিটিকে।
বিএসইসির পর্যালোচনায় দেখা যায়, “ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্সড ফান্ড” থেকে দুইটি প্রতিষ্ঠানে সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে বিনিয়োগ করা হয়েছে।
প্রথম ঘটনায়, ২০১৩ সালে বেঙ্গল পলি অ্যান্ড পেপার স্যাক লিমিটেড-এর শেয়ার ২৫ টাকা দরে (১০ টাকা অভিহিত মূল্য ও ১৫ টাকা প্রিমিয়াম) কিনে ৬ লাখ শেয়ারের বিপরীতে ১ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করা হয়। এই অনিয়মের দায়ে ৩০ দিনের মধ্যে ৫ কোটি ৭৪ লাখ টাকা ফান্ডে ফেরত দিতে বলা হয়েছে। ব্যর্থ হলে জরিমানা হবে ৬ কোটি ৭৫ লাখ টাকা।
দ্বিতীয় ঘটনায়, ২০১৭ সালে এএফসি হেলথ লিমিটেড-এ ৬ কোটি টাকা বিনিয়োগ করা হয়। এখানে প্রতিটি শেয়ার ১২ টাকা ৫০ পয়সা দরে (প্রিমিয়ামসহ) কিনে ৪৮ লাখ শেয়ার অধিগ্রহণ করা হয়। এই বিনিয়োগের বিপরীতে ১৪ কোটি ৮৫ লাখ টাকা ফান্ডে ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে; নির্ধারিত সময় অতিক্রম করলে জরিমানা গুনতে হবে ১৬ কোটি টাকা।
কমিশন জানিয়েছে, নির্ধারিত ৩০ কার্যদিবসের মধ্যে অর্থ ফেরত না দিলে অতিরিক্ত ৭ দিনের মধ্যে জরিমানা পরিশোধ করতে হবে। এ সময়ের মধ্যেও ব্যর্থ হলে প্রতিদিন ১০ হাজার টাকা করে অতিরিক্ত জরিমানা আরোপ করা হবে।
বিএসইসি বলছে, মিউচ্যুয়াল ফান্ডে এ ধরনের বিধিবহির্ভূত বিনিয়োগ বিনিয়োগকারীদের স্বার্থের পরিপন্থী। বাজারে শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ভবিষ্যতেও এমন অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।
Posted ৩:৪৩ পিএম | বুধবার, ০৬ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity