
| শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 791 বার পঠিত

২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) রেকর্ড পরিমাণ রাজস্ব আদায় করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। তিন মাসে মোট রাজস্ব আদায় হয়েছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০.২১ শতাংশ বেশি। এটি এ যাবৎকালের যেকোনো অর্থবছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ রাজস্ব সংগ্রহ।
শুক্রবার এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৪-২৫ অর্থবছরের প্রথম তিন মাসে রাজস্ব আদায় হয়েছিল ৭৫ হাজার ৫৫৪ কোটি টাকা, ২০২৩-২৪ অর্থবছরে ৭৬ হাজার ৬৮ কোটি টাকা এবং ২০২২-২৩ অর্থবছরে ৬৮ হাজার ৬৩৫ কোটি টাকা।
এবারের প্রবৃদ্ধিতে তিনটি প্রধান রাজস্ব খাত স্থানীয় পর্যায়ের ভ্যাট, আয়কর ও ভ্রমণ কর এবং আমদানি-রপ্তানি খাত নতুন রেকর্ড গড়েছে।
স্থানীয় পর্যায়ের ভ্যাট থেকে আদায় হয়েছে ৩৪,৮১৯ কোটি টাকা, যা গত বছরের ২৬,৮৩৮ কোটি টাকার তুলনায় ২৯.৭৪ শতাংশ বেশি। ২০২৩-২৪ অর্থবছরে একই সময়ে এই খাতে রাজস্ব ছিল ২৮,৪৪৫ কোটি টাকা।
আয়কর ও ভ্রমণকর থেকে আদায় হয়েছে ২৮,৪৭৮ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১৮.২৬ শতাংশ বেশি। ২০২৪-২৫ অর্থবছরে এই খাতে রাজস্ব আদায় ছিল ২৪,০৮০ কোটি টাকা।
আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় বেড়ে দাঁড়িয়েছে ২৭,৫২৮ কোটি টাকা, যা গত বছরের ২৪,৬২৫ কোটি টাকার তুলনায় ১১.৭৪ শতাংশ বেশি।
এনবিআর জানিয়েছে, রাজস্ব প্রবৃদ্ধি সম্ভব হয়েছে তাদের দক্ষ ও পরিশ্রমী কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায়। সংস্থাটি ভবিষ্যতেও কর ব্যবস্থার সম্প্রসারণ, কর ফাঁকি রোধ এবং ফাঁকিদাতা রাজস্ব পুনরুদ্ধারে কার্যক্রম আরও জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছে।

Posted ৪:৪৪ অপরাহ্ণ | শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


