
| বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫ | প্রিন্ট | 209 বার পঠিত

চলতি অক্টোবর মাসে প্রবাসী আয়ে নতুন গতি এসেছে। মাসের প্রথম ২৯ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২৪৩ কোটি ২০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। যা গত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গড়ে প্রতিদিনই দেশে এসেছে প্রায় ৮ কোটি ৩৮ লাখ ডলার।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র মোহাম্মদ শাহরিয়ার সিদ্দিকী এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, অক্টোবরের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ২৪৩ কোটি ২০ লাখ ডলার।
আর গত বছরের একই সময়ে এসেছিল ২২০ কোটি ৮০ লাখ ডলার। অর্থাৎ বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এ ছাড়া গত ২৯ অক্টোবর একদিনে প্রবাসীরা দেশে ৯ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন জানিয়ে তিনি বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশে এসেছে ১ হাজার ১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। বছর ব্যবধানে যা বেড়েছে ১৪ দশমিক ৫০ শতাংশ।
এর আগে গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।

Posted ৯:৪০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


