শনিবার ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম >>
শিরোনাম >>

অনলাইনে ভ্যাট রিফান্ড ব্যবস্থা চালু করল এনবিআর

  |   সোমবার, ১০ নভেম্বর ২০২৫   |   প্রিন্ট   |   466 বার পঠিত

অনলাইনে ভ্যাট রিফান্ড ব্যবস্থা চালু করল এনবিআর

করদাতাদের ব্যাংক হিসাবে সরাসরি অনলাইনে ভ্যাট রিফান্ড স্থানান্তরের নতুন ব্যবস্থা চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে চালু করা হয়েছে অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল, যার মাধ্যমে করদাতারা ঘরে বসেই রিফান্ড আবেদন দাখিল, যাচাইকরণ ও অর্থপ্রাপ্তির সম্পূর্ণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

সোমবার (১০ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, নতুন এ মডিউলটি বিদ্যমান ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম (আইভিএএস) এবং অর্থ বিভাগের অধীন আইভিএএস++ এর সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে করদাতার প্রাপ্য ভ্যাট রিফান্ডের অর্থ এখন বিইএফটিএন ব্যবস্থার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তার ব্যাংক হিসাবে স্থানান্তর করা যাবে।

অনলাইন মূসক পোর্টালে লগইন করে করদাতারা রিফান্ডের আবেদন দাখিল করতে পারবেন। মূসক কমিশনার আবেদন যাচাই-বাছাই করে অনুমোদন দিলে তা স্বয়ংক্রিয়ভাবে আইভিএএস++ ব্যবস্থার মাধ্যমে ব্যাংক হিসাবে জমা হবে।

নতুন এ পদ্ধতিতে করদাতাদের আর ভ্যাট অফিসে গিয়ে আবেদন বা রিফান্ড গ্রহণ করতে হবে না। এতে সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি রিফান্ড প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে বলে এনবিআর জানিয়েছে।

এছাড়া, যারা আগেই অনলাইন বা ম্যানুয়াল পদ্ধতিতে রিফান্ড আবেদন করেছেন কিন্তু এখনো নিষ্পত্তি হয়নি, তাদের আইভিএএস সিস্টেমে মূসক-৯.১ ফরমের মাধ্যমে নতুন করে আবেদন করতে হবে।

রিফান্ড কার্যক্রম দ্রুত সম্পন্নের জন্য এনবিআর ইতোমধ্যে সব ভ্যাট কমিশনারেটের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দিয়েছে। করদাতারা প্রয়োজনে সংশ্লিষ্ট মূসক কমিশনারেটের সঙ্গে যোগাযোগ করে তথ্য ও সহায়তা নিতে পারবেন।

এনবিআর বলেছে, অনলাইন ভ্যাট রিফান্ড মডিউল চালুর মাধ্যমে সংস্থার ডিজিটালাইজেশন কার্যক্রমে বড় অগ্রগতি এসেছে। স্বচ্ছ ও কার্যকর করব্যবস্থা গড়ে তুলতে এনবিআর ভবিষ্যতে তার সব কার্যক্রম ধীরে ধীরে পূর্ণ ডিজিটাল ব্যবস্থার আওতায় আনবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
advertisement

Posted ১১:৪৬ পূর্বাহ্ণ | সোমবার, ১০ নভেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com