
| রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 296 বার পঠিত

চলতি নভেম্বর মাসের প্রথম ১৫ দিনেই দেশে রেমিট্যান্স এসেছে ১৫২ কোটি ২৭ লাখ ২০ হাজার মার্কিন ডলার। রোববার প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সংক্ষিপ্ত এ সময়ের মধ্যেই আগের মাসগুলোর তুলনায় রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক গতি লক্ষ করা যাচ্ছে বলে উল্লেখ করেছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রতিবেদনে দেখা যায়, প্রথম ১৫ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৪ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ডলার। বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ১৬ কোটি ৮৮ লাখ ৯০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০০ কোটি ৯ লাখ ৮০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ২৮ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংক জানায়, ৯ থেকে ১৫ নভেম্বর এসেছে ৭৬ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার এবং ২ থেকে ৮ নভেম্বর এসেছে ৭১ কোটি ১০ লাখ ৭০ হাজার ডলার। নভেম্বরের প্রথম দিন প্রবাহিত হয়েছে ৪ কোটি ৩১ লাখ ৮০ হাজার ডলার।
প্রতিবেদনে আরও উঠে এসেছে, নভেম্বরের প্রথম ১৫ দিনে মোট ৯টি ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি। এর মধ্যে রয়েছে একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক, একটি বিশেষায়িত ব্যাংক, ২টি বেসরকারি ব্যাংক ও ৫টি বিদেশি ব্যাংক।
এর আগে, অক্টোবর মাসে রেমিট্যান্স এসেছে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে এসেছে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। আগস্ট ও জুলাইয়ে রেমিট্যান্স ছিল যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার এবং ২৪৭ কোটি ৮০ লাখ ডলার।
গত ২০২৪-২৫ অর্থবছরে দেশে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Posted ৬:৩১ অপরাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


