
| মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 295 বার পঠিত

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল (পিআইটিসি) আগামী ২২ বছর পরিচালনা ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে সুইজারল্যান্ডভিত্তিক লজিস্টিক কোম্পানি মেডলগ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘমেয়াদি কনসেশন চুক্তি সইয়ের মধ্য দিয়ে এ দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ টি এম আনিসুল মিল্লাত চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) এম সাখাওয়াত হোসেন।
নৌপরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায় এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তাঁর ভাষায়, এই চুক্তি দেশের লজিস্টিক অবকাঠামো উন্নয়নে নতুন যুগের সূচনা করবে এবং ভবিষ্যৎ প্রজন্ম সরাসরি এর সুফল পাবে। মেডলগের বৈশ্বিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশ অভ্যন্তরীণ লজিস্টিক খাতে অঞ্চলের শীর্ষ অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে বলেও তিনি মন্তব্য করেন।
চুক্তি অনুযায়ী, মেডলগ বাংলাদেশ পিআইটিসির কার্যক্রম, অপারেশন ও অটোমেশন পরিচালনা করবে। প্রতিষ্ঠানটি টার্মিনালের বার্ষিক হ্যান্ডলিং সক্ষমতা ১ লাখ ৬০ হাজার টিইইউ-তে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। মাল্টিমোডাল সংযোগ জোরদার করতে পানগাঁওকে দেশের অন্যান্য নৌ ও সমুদ্রবন্দরের সঙ্গে যুক্ত করার জন্য অভ্যন্তরীণ বার্জও ভাড়া করবে কোম্পানিটি।
তবে বন্দরের দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার সিদ্ধান্ত এবং বিশেষ করে চুক্তি স্বাক্ষরের দিনটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা দেখা গেছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায় ঘোষণার দিন এই চুক্তি সইকে অনেকেই সরকারের কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন।

Posted ১১:৫৯ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


