
| মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 202 বার পঠিত

২০২৬ সালের জানুয়ারি থেকে বন্ড ব্যবস্থাপনায় কাস্টমস বন্ড ম্যানেজমেন্ট সিস্টেম (সিবিএমএস) ব্যবহার বাধ্যতামূলক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (১ ডিসেম্বর) এ বিষয়ে আদেশ জারি করা হয়।
বন্ডেড ওয়্যারহাউস পরিচালনায় আধুনিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সিবিএমএস চালু করা হয়েছিল। বর্তমানে তিনটি কাস্টমস বন্ড কমিশনারেটের আওতায় ২৪টি মডিউলের মাধ্যমে সেবা দেওয়া হচ্ছে। তবে বাধ্যতামূলক না হওয়ায় অনেক প্রতিষ্ঠান এখনও ম্যানুয়াল পদ্ধতিতে ইউটিলাইজেশন পারমিশন (ইউপি) নিচ্ছিল।
এনবিআর জানায়, ব্যবহারকারীদের মতামত অনুযায়ী সফটওয়্যারটি আরও উন্নত ও ব্যবহারবান্ধব করা হয়েছে। আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে ইউপি ইস্যুর সব সেবা শুধুমাত্র সিবিএমএসের মাধ্যমেই দেওয়া হবে; অন্য কোনো বিকল্প পদ্ধতি থাকবে না।
এনবিআরের মতে, সিবিএমএস বাধ্যতামূলক হলে বন্ড ব্যবস্থাপনায় বেশ কয়েকটি সুবিধা মিলবে—
* সেবায় দ্রুততা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে
* বন্ডেড প্রতিষ্ঠানগুলোর জন্য সেবা পাওয়া আরও সহজ, সময়সাশ্রয়ী ও ব্যয়সাশ্রয়ী হবে
* কাঁচামালের ইনপুট-আউটপুট হিসাব স্বয়ংক্রিয় ও স্বচ্ছ হবে
* ম্যানুয়ালি দলিলপত্র জমা দেওয়ার ঝামেলা দূর হবে
* বন্ড সংক্রান্ত বিবাদের পরিমাণ কমবে
এনবিআর বলেছে, রাজস্ব ব্যবস্থাকে সম্পূর্ণ ডিজিটাল ও অটোমেশনভিত্তিক করতে তাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

Posted ১২:০৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


