
| শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 726 বার পঠিত

বাংলাদেশের সমুদ্র ও নৌবন্দর সংশ্লিষ্ট কাস্টমস স্টেশনগুলোতে শিপিং এজেন্ট লাইসেন্স প্রদান প্রক্রিয়াকে আরও প্রতিযোগিতামূলক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ‘শিপিং এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২৫’ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
শুক্রবার (২ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, এতদিন শিপিং এজেন্ট লাইসেন্স প্রদানের জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা না থাকায় কাস্টমস এজেন্ট লাইসেন্সিং বিধিমালা, ২০২০ অনুসরণ করে লাইসেন্স ইস্যু করা হতো। শিপিং এজেন্ট সংক্রান্ত কার্যক্রমকে সহজ, যুগোপযোগী ও বিনিয়োগবান্ধব করতে পৃথক এই বিধিমালা প্রণয়ন করা হয়েছে।
নতুন বিধিমালায় কাস্টমস স্টেশনভিত্তিক শিপিং এজেন্ট লাইসেন্সের সংখ্যা নির্ধারণে আর এনবিআরের পূর্বানুমোদনের প্রয়োজন হবে না। এর ফলে লাইসেন্সিং কর্তৃপক্ষ আগের তুলনায় অনেক কম সময়ে লাইসেন্স প্রদান করতে পারবে।
লাইসেন্স পেতে আর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমির লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে না। দাখিল করা কাগজপত্র যথাযথ থাকলে সর্বোচ্চ ৩০ কার্যদিবসের মধ্যে লাইসেন্স ইস্যু করা হবে।
আগে একটি কাস্টমস স্টেশন থেকে ইস্যু করা লাইসেন্স কেবল সংশ্লিষ্ট বন্দরেই কার্যকর ছিল। নতুন বিধিমালার আওতায় একবার লাইসেন্স গ্রহণ করলে তা দিয়ে দেশের সব সমুদ্র ও নৌবন্দরে শিপিং এজেন্ট হিসেবে কার্যক্রম পরিচালনা করা যাবে।
এনবিআর বলছে, আমদানি-রপ্তানি কার্যক্রমকে আরও সহজ, দ্রুত ও গতিশীল করতে এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের সংস্কারমূলক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Posted ৭:৪৫ অপরাহ্ণ | শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


