
| মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 302 বার পঠিত

২০২৫–২৬ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে ব্যাপক সাড়া মিলেছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ৩২ লাখ করদাতা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন। বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে সংস্থাটি।
সোমবার (১২ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সন্ধ্যা পর্যন্ত মোট ৪৫ লাখ ৫৩ হাজার করদাতা ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে ৩১ লাখ ৮৮ হাজার করদাতা ইতোমধ্যে ২০২৫–২৬ করবর্ষের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করেছেন।
এনবিআর জানায়, প্রবাসী বাংলাদেশিদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক না হলেও তারা স্বেচ্ছায় ই-রিটার্ন জমা দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় ৫ হাজার প্রবাসী বাংলাদেশি ই-রিটার্ন সিস্টেমে সফলভাবে নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩ হাজার ৩০০ জন প্রবাসী করদাতা বিদেশে অবস্থান করেই অনলাইনে আয়কর পরিশোধ করে রিটার্ন দাখিল করেছেন।
২০২৫–২৬ করবর্ষে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক ছাড়া অন্য সব ব্যক্তি-শ্রেণির করদাতার জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।
গত বছরের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ www.etaxnbr.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে ২০২৫–২৬ করবর্ষের ই-রিটার্ন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
এনবিআর আরও জানায়, বিদেশে অবস্থানরত করদাতারা পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর ও ই-মেইল ঠিকানাসহ প্রয়োজনীয় তথ্য ereturn@etaxnbr.gov.bdঠিকানায় পাঠালে ই-মেইলের মাধ্যমে ওটিপি ও রেজিস্ট্রেশন লিংক পাঠানো হচ্ছে। এর মাধ্যমে তারা সহজেই ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন করে আয়কর রিটার্ন দাখিল করতে পারছেন।
প্রতিদিন গড়ে প্রায় ১০০ জন প্রবাসী করদাতা ই-রিটার্ন সংক্রান্ত সেবা নিতে এনবিআরের ই-ট্যাক্স ম্যানেজমেন্ট ইউনিটে ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করছেন বলেও জানিয়েছে সংস্থাটি।
এনবিআর মনে করছে, প্রবাসীসহ সব শ্রেণির করদাতার এই বাড়তি আগ্রহ দেশের কর ব্যবস্থাপনায় ডিজিটাল সেবাকে আরও গতিশীল করছে। ব্যক্তি-শ্রেণির সব করদাতাকে আগামী ৩১ জানুয়ারির মধ্যে ২০২৫–২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।

Posted ১২:৩৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


