
| শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 348 বার পঠিত

চলতি বছরের জানুয়ারি মাসের প্রথম ২৮ দিনেই দেশে এসেছে ২৯৪ কোটি ৩০ লাখ ডলার রেমিট্যান্স বা প্রবাসী আয়। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে আবারও রেমিট্যান্সে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জানুয়ারির ২৮ দিনে প্রবাসী বাংলাদেশিরা পাঠিয়েছেন প্রায় ২.৯৪ বিলিয়ন ডলার। প্রতি ডলার ১২২ টাকা হিসেবে দেশীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৫ হাজার ৯০৫ কোটি টাকা।
গত বছরের একই সময়ের তুলনায় এ বছর রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৪ সালের জানুয়ারির প্রথম ২৮ দিনে দেশে এসেছিল ১৯৫ কোটি ৫০ লাখ ডলার, যা এ বছরের তুলনায় ৯৮ কোটি ৮০ লাখ ডলার কম। চলতি ২০২৫–২৬ অর্থবছরের ২৮ জানুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ২২ দশমিক ১০ শতাংশে।
এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসে ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে, ঈদকে কেন্দ্র করে তখন এসেছিল ৩২৯ কোটি ডলার। এছাড়া গত বছরের মে মাসে দ্বিতীয় সর্বোচ্চ ২৯৭ কোটি ডলার রেমিট্যান্স আসে। তবে সেই রেকর্ডও ছাড়িয়ে যায় সদ্য বিদায়ী ডিসেম্বর মাস, যখন দেশে আসে ৩২২ কোটি ৬৭ লাখ ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্সের চিত্রও ঊর্ধ্বমুখী। জুলাইয়ে আসে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।
উল্লেখ্য, ২০২৪–২৫ অর্থবছরের পুরো বছরে দেশে মোট রেমিট্যান্স এসেছিল ৩০ দশমিক ৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬ দশমিক ৮ শতাংশ বেশি ছিল। চলতি জানুয়ারির প্রবাহ দেখে বিশ্লেষকদের ধারণা, সামনে রেমিট্যান্সে আরও ইতিবাচক ধারা বজায় থাকতে পারে।

Posted ৩:৪৯ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


