ঋণখেলাপের চাপ কমাতে দণ্ড সুদ হার কমালো বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬   |   প্রিন্ট

ঋণখেলাপের চাপ কমাতে দণ্ড সুদ হার কমালো বাংলাদেশ ব্যাংক
Share

ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ কার্যক্রমে গতি আনতে মেয়াদোত্তীর্ণ ঋণের ওপর আরোপিত দণ্ড সুদের হার বড় পরিসরে কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ঋণের কিস্তি বা ঋণ সময়মতো পরিশোধ না হলে ব্যাংকগুলো সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ হারে দণ্ড সুদ নিতে পারবে। আগে এ হার ছিল সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ।

বুধবার (১৩ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা, বিনিয়োগে স্থবিরতা এবং ব্যবসা পরিচালনার ব্যয় কমানোর প্রয়োজনীয়তা বিবেচনায় দণ্ড সুদের হার পুনর্নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে শিল্প ও বাণিজ্য খাতে ঋণগ্রহীতাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ কমবে এবং উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, কোনো ঋণ বা ঋণের কিস্তি সম্পূর্ণ বা আংশিকভাবে মেয়াদোত্তীর্ণ (ওভারডিউ) হলে চলমান ঋণ ও তলবি ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ ঋণস্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে কেবল মেয়াদোত্তীর্ণ কিস্তির ওপর সর্বোচ্চ ০ দশমিক ৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে।

এর আগে ২০২৪ সালের ৮ মে জারি করা সার্কুলার অনুযায়ী একই ধরনের ঋণের ক্ষেত্রে ব্যাংকগুলো সর্বোচ্চ ১ দশমিক ৫ শতাংশ হারে দণ্ড সুদ আরোপ করতে পারত। নতুন সার্কুলারের মাধ্যমে সেই নির্দেশনা সংশোধন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, আগের সার্কুলারের অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে এবং নতুন এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৫০ এএম | বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com