প্রতিদিনের অর্থনীতি | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ | প্রিন্ট
হেবা (দান) দলিলের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে উৎসে কর দিতে হবে না। এ ধরনের দলিল নিবন্ধনে কেবল দানকরই প্রযোজ্য হবে বলে স্পষ্ট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
মঙ্গলবার (৭ জুলাই) এক ব্যাখ্যায় এনবিআর জানায়, নতুন আয়কর আইন ও বিধিমালার ভাষাগত অস্পষ্টতার কারণে মাঠপর্যায়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তা দূর করতেই এ স্পষ্টীকরণ দেওয়া হয়েছে।
এনবিআরের মতে, হেবা বা দানের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দানকারীকে দানকর আইন, ১৯৯০ অনুযায়ী প্রযোজ্য হারে দানকর পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে কোনো উৎসে কর প্রযোজ্য হবে না।
তবে ক্রয়-বিক্রয়ের মাধ্যমে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে দানকর প্রযোজ্য নয়। এ ধরনের নিবন্ধনে আগের নিয়ম অনুযায়ী নির্ধারিত হারে উৎসে কর পরিশোধ করতে হবে।
নতুন বিধান অনুযায়ী, সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে প্রযোজ্য কর দলিল নিবন্ধনের আগে পৃথক ই-চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। কর পরিশোধের প্রমাণপত্র ছাড়া কোনো দলিল নিবন্ধন করা হবে না।
এনবিআরের এ ব্যাখ্যার ফলে হেবা ও দান দলিল নিবন্ধন নিয়ে সৃষ্ট বিভ্রান্তি দূর হবে এবং স্থবির হয়ে পড়া নিবন্ধন কার্যক্রম স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
Posted ৭:৪৭ পিএম | মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity