প্রতিদিনের অর্থনীতি রিপোর্ট | বুধবার, ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট
ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংকে চলতি (কারেন্ট) ও স্বল্পমেয়াদি আমানত (এসটিডি) হিসাব খোলা এবং পরিচালনার ক্ষেত্রে বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বা ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা জারির জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে সংস্থাটি।
শুধু নতুন হিসাব নয়, বর্তমানে পরিচালিত সব ব্যবসায়িক চলতি ও এসটিডি হিসাবেও বিআইএন সংযুক্ত করার উদ্যোগ নিতে কেন্দ্রীয় ব্যাংককে অনুরোধ করা হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, গত সোমবার (১৩ জুলাই) ভ্যাট বিভাগের সেকেন্ড সেক্রেটারি শেখ মো. মাসুদুর রহমান স্বাক্ষরিত এক চিঠি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্টের (বিআরপিডি) নির্বাহী পরিচালকের কাছে পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, কোনো ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)-এ চলতি বা এসটিডি হিসাব খুলতে কিংবা বিদ্যমান হিসাব পরিচালনা করতে চাইলে তাদের বিআইএন থাকতে হবে।
এছাড়া ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা গ্রহণের ক্ষেত্রেও বিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে ব্যাংক বা এনবিএফআই থেকে ঋণ গ্রহণ, ট্রেড লাইসেন্স নবায়ন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মার্চেন্ট অ্যাকাউন্ট খোলা, প্রতিষ্ঠানের নামে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ নেওয়া এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে প্রতিষ্ঠানের নামে যানবাহন নিবন্ধন।
বিষয়টি বাস্তবায়নের জন্য দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে বাংলাদেশ ব্যাংকের প্রতি অনুরোধ জানিয়েছে এনবিআর।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে প্রায় ৯২ লাখ চলতি হিসাব রয়েছে। তবে এর মধ্যে একই প্রতিষ্ঠানের একাধিক হিসাব এবং ব্যবসা বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠানের হিসাবও অন্তর্ভুক্ত থাকায় প্রকৃত সক্রিয় ব্যবসায়িক হিসাবের সংখ্যা নির্দিষ্টভাবে জানা নেই।
Posted ২:১৩ পিএম | বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity