নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৮ মে ২০২৬ | প্রিন্ট
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে ২০২৬ পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। তবে পোশাক শিল্প খাতের লেনদেন সচল রাখতে নির্দিষ্ট কিছু এলাকার সীমিত সংখ্যক ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএমডি) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।
সার্কুলারে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষণার ধারাবাহিকতায় আগামী ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে। এরপর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ব্যাংক বন্ধ থাকবে।
তবে ঈদ-পূর্ব পোশাক শিল্প শ্রমিকদের বেতন-ভাতা ও রপ্তানি-আমদানি কার্যক্রম নির্বিঘ্ন রাখতে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্প সংশ্লিষ্ট এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকের কিছু শাখা সীমিত পরিসরে চালু রাখতে হবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ ও ২৬ মে এসব শাখায় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত অফিস কার্যক্রম চলবে। আর গ্রাহক লেনদেন হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলো ঈদের দিন ছাড়া ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট সীমিত কার্যক্রম চালু রাখবে।
সার্কুলারে আরও বলা হয়, ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীরা বিধি অনুযায়ী ভাতা পাবেন।
Posted ৫:৪১ পিএম | সোমবার, ১৮ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity