নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ১৯ জুন ২০২৬ | প্রিন্ট
দেশের শিপিং খাতের কার্যক্রম আরও সহজ ও গতিশীল করতে বাংলাদেশে নিবন্ধিত শিপিং কোম্পানিগুলোকে জাহাজ বা ভেসেল লিজ ভাড়া পরিশোধের জন্য বৈদেশিক মুদ্রা প্রেরণের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ-১ একটি সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকের কাছে পাঠিয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, এর আগে ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নং-৩৭ অনুযায়ী বাংলাদেশে নিবন্ধিত এয়ারলাইন্সগুলো নির্দিষ্ট শর্তে বিদেশে লিজ ভাড়া বাবদ অর্থ পাঠানোর সুযোগ পেত। এবার একই সুবিধা দেশের নিবন্ধিত শিপিং কোম্পানিগুলোর জন্যও সম্প্রসারণ করা হয়েছে।
তবে এই সুবিধা পেতে সংশ্লিষ্ট শিপিং কোম্পানিকে লিজ নেওয়া জাহাজ বা ভেসেল পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমোদন বা ছাড়পত্র সংগ্রহ করতে হবে।
এ ছাড়া কোম্পানিগুলোকে বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত প্রতিবেদন (রিটার্ন) নিয়মিত জমা দিতে হবে এবং ২০২৬ সালের ৭ মে জারি করা এফই সার্কুলার নং-৮ অনুযায়ী উদ্বৃত্ত আয় দেশে ফেরত আনার বিষয়ে নির্দেশনা অনুসরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, লিজ ভাড়া পরিশোধ সংক্রান্ত এ নতুন সুবিধা কার্যকর হলেও ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর জারি করা এফই সার্কুলার নং-৩৭-এর অনুচ্ছেদ ৫৩-এর অন্যান্য নির্দেশনা অপরিবর্তিত থাকবে।
কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এ সিদ্ধান্তের ফলে দেশের শিপিং খাতের আন্তর্জাতিক কার্যক্রম আরও সহজ হবে এবং জাহাজ পরিচালনায় প্রয়োজনীয় বৈদেশিক লেনদেন নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে।
সার্কুলারের নির্দেশনা সংশ্লিষ্ট গ্রাহক ও প্রতিষ্ঠানের কাছে দ্রুত পৌঁছে দিতে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ৩:১৬ পিএম | শুক্রবার, ১৯ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity