নিজস্ব প্রতিবেদক | সোমবার, ১৩ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ারের অস্বাভাবিক দরবৃদ্ধি ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) ৩০ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
রোববার (১৩ জুলাই) বিএসইসির সার্ভেইল্যান্স বিভাগ থেকে ডিএসইর প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তার (সিআরও) কাছে পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও লেনদেনের ধারা পর্যালোচনায় কারসাজি, সমন্বিত বা কৃত্রিম লেনদেন এবং অপ্রকাশিত মূল্যসংবেদনশীল তথ্য ব্যবহার করে ইনসাইডার ট্রেডিংয়ের কোনো ঘটনা ঘটেছে কি না, তা তদন্ত করে দেখতে হবে।
এছাড়া সংশ্লিষ্ট স্টক ব্রোকার, স্টক ডিলার ও অনুমোদিত প্রতিনিধিরা মার্জিন রুলস, কমিশনের নির্দেশনা এবং প্রচলিত সিকিউরিটিজ আইন যথাযথভাবে অনুসরণ করেছেন কি না, তাও তদন্তে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে।
বাজার তথ্য অনুযায়ী, গত ২২ জুন ডিএসইতে সানলাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দাম ছিল ৬৫ টাকা ৮০ পয়সা, যা সর্বশেষ কার্যদিবসে বেড়ে ৭৯ টাকা ১০ পয়সায় পৌঁছেছে। এ সময়ে শেয়ারটির দাম প্রায় ২২ শতাংশ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সরবরাহ ও সমন্বয়ের জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান নিয়ন্ত্রণ কর্মকর্তাকেও চিঠির অনুলিপি পাঠিয়েছে বিএসইসি।
Posted ১:১২ পিএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity