
| রবিবার, ১৬ নভেম্বর ২০২৫ | প্রিন্ট | 238 বার পঠিত

টানা চার দফা বাড়ার পর অবশেষে দেশের স্বর্ণবাজারে এসেছে বড় ধরনের স্বস্তি। ভরিপ্রতি ৫ হাজার টাকার বেশি কমিয়ে নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আজ রোববার (১৬ নভেম্বর) থেকে স্বর্ণ বিক্রি হচ্ছে নতুন দামে। তবে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি।
দেশে দীর্ঘদিন ধরে স্বর্ণের দামে অস্থিরতা বিরাজ করছিল। এমন পরিস্থিতিতে গত ১৫ নভেম্বর রাতে পাঠানো বিজ্ঞপ্তিতে বাজুস স্বর্ণের ভরিপ্রতি ৫ হাজার ৪৪৭ টাকা কমানোর ঘোষণা দেয়।
নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৮ হাজার ২৭২ টাকা। ২১ ক্যারেটের দাম ১ লাখ ৯৮ হাজার ৮০১ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ৩৯৯ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪১ হাজার ৭১৮ টাকা।
বাজুস জানায়, এসব মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট ও ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরি কিছুটা ভিন্ন হতে পারে বলেও উল্লেখ করা হয়।
এর আগে ১৩ নভেম্বর সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। তখন ভরিপ্রতি ৫ হাজার ২৪৮ টাকা কমানো হয় এবং সেই দাম ১৪ নভেম্বর থেকে কার্যকর হয়।
চলতি বছর এখন পর্যন্ত ৭৭ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৫৩ বার বেড়েছে, কমেছে মাত্র ২৪ বার। গত বছর ৬২ বার দাম সমন্বয় হয়েছিল।
স্বর্ণের দাম কমলেও রুপার বাজার অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের ভরি রুপার দাম ৪ হাজার ২৪৬ টাকা। ২১ ক্যারেটের দাম ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি রুপার দাম ২ হাজার ৬০১ টাকা।
চলতি বছরে রুপার দাম সমন্বয় করা হয়েছে ৯ বার। এর মধ্যে বেড়েছে ৬ বার, কমেছে ৩ বার।

Posted ১১:৫৪ পূর্বাহ্ণ | রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


