
| বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 518 বার পঠিত

ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদানে কঠোর শর্ত আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, খেলাপি ঋণ আদায়ে সন্তোষজনক অগ্রগতি না থাকলে কোনো ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী উৎসাহ বোনাস পাবেন না।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) কোম্পানি আইনের ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। সব তফসিলি ব্যাংকের এমডি ও সিইওদের কাছে সার্কুলারটি পাঠানো হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত শর্তগুলো হলো; কোনো আর্থিক বছরে প্রকৃত আয়–ব্যয়ের ভিত্তিতে মুনাফা অর্জিত হলে তবেই উৎসাহ বোনাস দেওয়া যাবে। পুঞ্জিভূত মুনাফা থেকে কোনোভাবেই বোনাস বিতরণ করা যাবে না। রেগুলেটরি মূলধন সংরক্ষণে ঘাটতি থাকা চলবে না; প্রভিশন (সঞ্চিতি) ঘাটতিও গ্রহণযোগ্য নয়। কোনো বিলম্বকরণ সুবিধা থাকলে তা মুনাফা গণনায় বিবেচনায় নেওয়া যাবে না। ব্যাংকিং সূচকের উন্নতি এবং শ্রেণিকৃত বা অবলোপিত ঋণ আদায়ে সুস্পষ্ট অগ্রগতি বোনাস প্রদানের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে মূল্যায়ন করতে হবে।
রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে উৎসাহ বোনাস প্রদান ‘রাষ্ট্রমালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, তফসিলি বিশেষায়িত ব্যাংক, অ-তফসিলি বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহে কর্মরত কর্মচারীদের উৎসাহ বোনাস প্রদান নির্দেশিকা-২০২৫’ অনুযায়ী দিতে হবে।

Posted ১২:২১ অপরাহ্ণ | বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


