
| মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬ | প্রিন্ট | 467 বার পঠিত

মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানিতে বড় ধরনের শুল্কছাড় দিয়েছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করেছে। একই সঙ্গে দেশীয় মোবাইল ফোন সংযোজন ও উৎপাদন শিল্পকে সহায়তা দিতে উপকরণ আমদানিতে শুল্কহার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এ বিষয়ে এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।
এনবিআর জানায়, নতুন এই সিদ্ধান্তের ফলে মোবাইল ফোন আমদানিতে প্রযোজ্য বিদ্যমান শুল্কহার প্রায় ৬০ শতাংশ কমেছে। অন্যদিকে, আমদানিতে কাস্টমস ডিউটি হ্রাসের কারণে দেশীয় মোবাইল ফোন সংযোজনকারী প্রতিষ্ঠানগুলো যেন বিরূপ প্রতিযোগিতার মুখে না পড়ে, সে লক্ষ্যেই উপকরণ আমদানিতে শুল্কহার অর্ধেকে নামানো হয়েছে। এতে মোবাইল ফোন সংযোজন শিল্পে ব্যবহৃত উপকরণ আমদানিতে বিদ্যমান শুল্কহার প্রায় ৫০ শতাংশ কমেছে।
শুল্কছাড়ের সরাসরি প্রভাব হিসেবে এনবিআর জানিয়েছে, ৩০ হাজার টাকার বেশি মূল্যের আমদানিকৃত প্রতিটি পূর্ণাঙ্গ মোবাইল ফোনের দাম আনুমানিক ৫ হাজার ৫০০ টাকা পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে ৩০ হাজার টাকার বেশি মূল্যের দেশে সংযোজিত প্রতিটি মোবাইল ফোনের দাম আনুমানিক দেড় হাজার টাকা পর্যন্ত কমার সম্ভাবনা রয়েছে।
এনবিআর আশা করছে, মোবাইল ফোন আমদানি ও মোবাইল ফোন সংযোজন শিল্পের উপকরণ আমদানিতে উল্লেখযোগ্য পরিমাণ শুল্ক হ্রাসের ফলে সব ধরনের মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে। এতে দেশের নাগরিকদের জন্য ডিজিটাল সেবা গ্রহণ আরও সহজ হবে। মোবাইল ফোনের মূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সরকারের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

Posted ২:১৩ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৩ জানুয়ারি ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity


