জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির জানাজায় মানুষের ঢল

  |   শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির জানাজায় মানুষের ঢল
Share

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আহ্বায়ক শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলা থেকে মানুষের ঢল নেমেছে। শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজায় অংশ নিতে ইচ্ছুক মানুষের দীর্ঘ সারি দেখা যায়।

শনিবার ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে হাদির মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। এরপর লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে মরদেহ নেওয়া হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। সেখানে আনুষ্ঠানিকতা শেষে দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

হাদির জানাজাকে কেন্দ্র করে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সংসদ ভবনসহ ঢাকার গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত সংখ্যক বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জানাজার স্থানে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে বিশেষ তৎপরতা দেখা গেছে।

এ ছাড়া হাদির পরিবার জানাজায় অংশগ্রহণকারীদের প্রতি আহ্বান জানিয়েছে—বাংলাদেশের জাতীয় পতাকা ছাড়া অন্য কোনো পতাকা না আনার জন্য।

শরীফ ওসমান হাদির মৃত্যুতে আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবনে এবং বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

উল্লেখ‌্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং ওই রাতেই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাতে সেখানেই তিনি মারা যান। শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সিঙ্গাপুরের চাঙ্গি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হাদির মরদেহ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

 

প্রতিদিনের অর্থনীতি/জে‌বি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১:০৭ পিএম | শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com