১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা

  |   সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫   |   প্রিন্ট

১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা
Share

দেশীয় পণ্যের প্রচার, রপ্তানি সক্ষমতা তুলে ধরা এবং উদ্যোক্তাদের নতুন বাজারের সঙ্গে যুক্ত করার লক্ষ্য নিয়ে আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ-২০২৬)। মাসব্যাপী এই মেলা অনুষ্ঠিত হবে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান হাসান আরিফ, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) আব্দুর রহিম খান এবং ইপিবির মহাপরিচালক বেবি রাণী কর্মকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বাণিজ্য সচিব জানান, এবারের মেলায় প্রথমবারের মতো অনলাইনে বিভিন্ন ক্যাটাগরির প্যাভিলিয়ন ও স্টল স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। দর্শনার্থীদের জন্য স্পট টিকিটের পাশাপাশি ই-টিকিটের ব্যবস্থাও রাখা হয়েছে। যাতায়াত সুবিধা নিশ্চিত করতে বিআরটিসির ডেডিকেটেড শাটল বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে পাঠাও সার্ভিস যুক্ত করা হয়েছে।

রপ্তানি খাতের সক্ষমতা তুলে ধরতে মেলায় থাকছে বিশেষ ‘এক্সপোর্ট এনক্লেভ’। এছাড়া ভাষা আন্দোলন ১৯৫২, মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের জুলাই আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে নির্মাণ করা হয়েছে ‘বাংলাদেশ স্কয়ার’। সম্ভাবনাময় খাত ও পণ্যভিত্তিক সেমিনার আয়োজনের উদ্যোগও নেওয়া হয়েছে।

বিদেশি উদ্যোক্তা ও প্রতিষ্ঠানের সুবিধার্থে ইলেকট্রনিক্স ও ফার্নিচার জোন রাখা হয়েছে। সিনিয়র সিটিজেনদের জন্য সিটিং কর্নার, শিশুদের বিনোদনের জন্য দুটি শিশু পার্ক এবং উন্মুক্ত সাংস্কৃতিক কেন্দ্র থাকবে। নারী, প্রতিবন্ধী ও বিভিন্ন শিল্পখাতের উদ্যোক্তাদের জন্য সংরক্ষিত স্টলের ব্যবস্থাও রাখা হয়েছে। পরিবেশ সুরক্ষায় মেলায় পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।

পঞ্চমবারের মতো পূর্বাচলে আয়োজিত এই মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। দেশীয় বস্ত্র, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক্স, ফার্নিচার, হস্তশিল্প, প্রক্রিয়াজাত খাদ্য, কসমেটিক্স, গৃহসামগ্রীসহ নানা পণ্য প্রদর্শিত হবে।

দর্শনার্থীদের যাতায়াতের সুবিধায় কুড়িল বিশ্বরোড, ফার্মগেট, নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির ২০০টির বেশি শাটল বাস চলাচল করবে। মেলা প্রাঙ্গণ থেকে শেষ বাস ছাড়বে রাত ১১টায়।

মেলায় প্রবেশ টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং ১২ বছরের নিচে শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী ও জুলাই আন্দোলনে আহতরা পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন। প্রতিদিন সকাল ৯টা ৫৫ মিনিট থেকে রাত ৯টা ৫০ মিনিট পর্যন্ত মেলা চলবে, সাপ্তাহিক ছুটির দিনে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে।

নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র‍্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর স্থাপন এবং ফায়ার ব্রিগেডের প্রস্তুতি রাখা হয়েছে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত পার্কিং, এটিএম বুথ, মা ও শিশু কেন্দ্র এবং তথ্যসেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। আয়োজকরা জানান, এবারের বাণিজ্য মেলা হবে আরও পরিকল্পিত, নিরাপদ ও দর্শনার্থীবান্ধব।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:৪০ পিএম | সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com