পূর্বাচলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন

  |   শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

পূর্বাচলে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার উদ্বোধন
Share

দেশের সবচেয়ে বড় পণ্য প্রদর্শনীর আয়োজন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার ৩০তম আসরের উদ্বোধন হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত স্থায়ী ভেন্যু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিবিসিএফইসি) মেলার উদ্বোধন করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

উদ্বোধনী বক্তব্যে তিনি মেলার সার্বিক সাফল্য কামনা করেন। এবারের বাণিজ্যমেলা চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইপিবির ভাইস চেয়ারম্যান (প্রধান নির্বাহী) ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাসান আরিফ, বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রশাসক অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান।

এর আগে গত ১ জানুয়ারি মেলার উদ্বোধন করার কথা ছিল। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করলে উদ্বোধনের তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের পণ্য প্রদর্শনীর সবচেয়ে বড় আয়োজন হিসেবে পরিচিত। এবারের ৩০তম আসরে বাংলাদেশের পাশাপাশি আরও ছয়টি দেশের ১১টি বিদেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এসব দেশের মধ্যে রয়েছে ভারত, তুরস্ক, সিঙ্গাপুর, হংকং, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া।

এবার মেলায় বিদেশি ১১টি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় পলিথিন ব্যাগ ও সিঙ্গেল-ইউজ প্লাস্টিকের ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর পরিবর্তে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।

দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস বাণিজ্য মেলার উদ্দেশে চলাচল করবে।

উল্লেখ্য, ১৯৯৫ সাল থেকে প্রতি বছর বছরের প্রথম দিন থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজনের ধারাবাহিকতা রয়েছে। ২০২২ সাল থেকে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বিবিসিএফইসিকে মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবছর সেখানে পঞ্চমবারের মতো বাণিজ্য মেলার আয়োজন করা হলো।

 

প্রতিদিনের অর্থনীতি/আরটি
Facebook Comments Box
Share
advertisement

Posted ১২:১৯ পিএম | শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com