শিরোনাম >>
শিরোনাম >>

এক উদ্যোক্তা, বহু পথের নির্মাতা: মোস্তফা গোলাম কুদ্দুসের প্রথম মৃত্যুবার্ষিকী

  |   রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬   |   প্রিন্ট

এক উদ্যোক্তা, বহু পথের নির্মাতা: মোস্তফা গোলাম কুদ্দুসের প্রথম মৃত্যুবার্ষিকী
Share

আজ ২৫ জানুয়ারি। বিশিষ্ট শিল্পোদ্যোক্তা ও ব্যবসায়ী মোস্তফা গোলাম কুদ্দুসের প্রথম মৃত্যুবার্ষিকী। দেশের শিল্প ও বীমা খাতে যার অবদান সরব আলোচনার বাইরে থেকেও দীর্ঘদিন ধরে প্রভাব রেখে চলেছে, এই দিনে তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে সংশ্লিষ্ট মহল।

ড্রাগন গ্রুপের কর্ণধার মোস্তফা গোলাম কুদ্দুস ছিলেন তৈরি পোশাক শিল্পের একজন অগ্রপথিক উদ্যোক্তা। দীর্ঘমেয়াদি পরিকল্পনা, শৃঙ্খলিত ব্যবস্থাপনা ও রপ্তানিমুখী দৃষ্টিভঙ্গির মাধ্যমে তিনি ড্রাগন গ্রুপকে একটি শক্ত ভিত্তির শিল্পগোষ্ঠীতে পরিণত করেন। গ্রুপটির আওতায় সোয়েটার, স্পিনিং, নিটওয়্যার ও হোজিয়ারি খাতে একাধিক প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেখানে সাড়ে ছয় হাজারের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।

তৈরি পোশাক শিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতির দায়িত্ব পালনকালে তিনি শিল্পের শৃঙ্খলা, শ্রমিক কল্যাণ এবং আন্তর্জাতিক বাজারে আস্থার বিষয়গুলোকে অগ্রাধিকার দেন। তাঁর বিশ্বাস ছিল, শ্রমিক ও উদ্যোক্তার পারস্পরিক বিশ্বাসই শিল্পের টেকসই অগ্রগতির মূল ভিত্তি।

শিল্পের পাশাপাশি দেশের লাইফ ও নন-লাইফ বীমা খাতেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান এবং রূপালী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে তিনি বীমাকে সামাজিক নিরাপত্তা ও ঝুঁকি ব্যবস্থাপনার কার্যকর মাধ্যম হিসেবে তুলে ধরতে কাজ করেন। করপোরেট গভর্ন্যান্স, স্বচ্ছতা ও সময়মতো দাবি নিষ্পত্তিতে তাঁর জোরালো অবস্থান বীমা খাতে আস্থার জায়গা শক্ত করে।

ব্যক্তিজীবনে তিনি ছিলেন নীরব, সংযত ও বিনয়ী। প্রচারের বাইরে থেকে কাজ করাই ছিল তার স্বভাব। আজ তিনি নেই, কিন্তু তার গড়ে তোলা প্রতিষ্ঠান, দর্শন ও নেতৃত্বের আদর্শ দেশের শিল্প ও আর্থিক খাতে এখনও পথনির্দেশনা দিচ্ছে।

এই দিনে একজন সফল উদ্যোক্তার পাশাপাশি স্মরণ করা হচ্ছে এমন এক মানুষকে, যাঁর কাজ ও চিন্তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

 

প্রতিদিনের অর্থনীতি/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৮:৪২ এএম | রবিবার, ২৫ জানুয়ারি ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com