| শনিবার, ০৭ মার্চ ২০২৬ | প্রিন্ট
দেশের সব তফসিলি ব্যাংককে যথাযথ গুরুত্ব ও মর্যাদার সঙ্গে আগামীকাল ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস–২০২৬ পালনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট (বিআরপিডি) একটি সার্কুলার জারি করেছে। সার্কুলারটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) কাছে পাঠানো হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়–এর নেতৃত্বে জাতীয় পর্যায়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের যে কর্মসূচি নেওয়া হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকিং খাতেও দিবসটি যথাযথভাবে পালন করতে হবে।
এ বছর আন্তর্জাতিক নারী দিবসের জন্য সরকার নির্ধারিত প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’। এই প্রতিপাদ্য সামনে রেখে বিভিন্ন কর্মসূচি ও প্রচার কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১–এর ৪৫ ধারা অনুযায়ী তাদের নিয়ন্ত্রক ক্ষমতা প্রয়োগ করে এ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে ব্যাংকিং খাতে দিবসটি যথাযথভাবে উদযাপিত হয়।
সার্কুলারে আরও বলা হয়, আন্তর্জাতিক নারী দিবসের জাতীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংকগুলোকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে হবে এবং তাদের উদযাপন কর্মসূচিতে নির্ধারিত প্রতিপাদ্য সুস্পষ্টভাবে তুলে ধরতে হবে।
Posted ১১:৪৫ এএম | শনিবার, ০৭ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity