| বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ | প্রিন্ট
এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (ওএমএস) চালুর পথে আরও এক ধাপ এগোল দেশের পুঁজিবাজার। এ লক্ষ্যে আরও ১১টি ব্রোকারেজ হাউসকে ফিক্স সার্টিফিকেশন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
বৃহস্পতিবার (১২ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই।
সার্টিফিকেশন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো— এন এফ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড, আকিজ ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড, আমার সিকিউরিটিজ লিমিটেড, কমার্স ব্যাংক সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, মোনা ফিন্যান্সিয়াল কনসালটেন্সি অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, প্রাইলিঙ্ক সিকিউরিটিজ লিমিটেড, পূবালী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, রেমন্স ইনভেস্টমেন্ট অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড, স্কাইলাইন সিকিউরিটিজ লিমিটেড এবং ইউনাইটেড সিকিউরিটিজ লিমিটেড।
গত ১১ মার্চ রাজধানীতে ডিএসই মাল্টিপারপাস হলে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক নুজহাত সংশ্লিষ্ট ব্রোকারেজ হাউসগুলোর প্রতিনিধিদের হাতে ফিক্স সার্টিফিকেশন তুলে দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসইর প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ আসাদুর রহমান, প্রধান প্রযুক্তি কর্মকর্তা ড. মো. আসিফুর রহমান, আইসিটি বিভাগের মহাব্যবস্থাপক মো. তারিকুল ইসলাম এবং উপ-মহাব্যবস্থাপক হাসানুল করিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে নুজহাত আনোয়ার জানান, ২০২০ সাল থেকে ডিএসই এপিআইভিত্তিক ব্রোকার হাউস অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম (বিহোমস) চালুর উদ্যোগ নেয়। এ উদ্যোগের অংশ হিসেবে ৭৬টি ব্রোকারেজ হাউস নাসডাক ম্যাচিং ইঞ্জিনের সঙ্গে এপিআই সংযোগ নিয়ে নিজস্ব ওএমএসের মাধ্যমে লেনদেন পরিচালনার জন্য আবেদন করে।
তিনি বলেন, সর্বশেষ ১১টি প্রতিষ্ঠানসহ এখন পর্যন্ত মোট ৫৮টি ব্রোকারেজ হাউসকে ফিক্স সার্টিফিকেশন দেওয়া হয়েছে। এর মধ্যে ৪৪টি ব্রোকারেজ হাউস ইতোমধ্যে এপিআই সংযোগের মাধ্যমে নিজস্ব ওএমএস চালু করে লেনদেন পরিচালনা করছে।
Posted ২:১১ পিএম | বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity