বীমা নিবন্ধন ফি বাড়ানোয় চ্যালেঞ্জ, গেজেট বাতিলে লিগ্যাল নোটিশ

প্রতিদিনের অর্থনীতি   |   মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬   |   প্রিন্ট

বীমা নিবন্ধন ফি বাড়ানোয় চ্যালেঞ্জ, গেজেট বাতিলে লিগ্যাল নোটিশ
Share

বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি অস্বাভাবিকভাবে বৃদ্ধির অভিযোগ তুলে ২০২৪ সালের সংশোধিত বিধিমালা বাতিলের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এতে ফি বৃদ্ধির কার্যক্রম স্থগিতেরও আহ্বান জানানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী তনয় কুমার সাহা সোমবার (২০ এপ্রিল) জনস্বার্থে এ নোটিশ জারি করেন। এতে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।

নোটিশে আগামী সাত দিনের মধ্যে ‘বীমা ব্যবসা নিবন্ধন ফি (সংশোধন) বিধিমালা, ২০২৪’-এর প্রয়োগ স্থগিত করে ২০১৮ সালের বিধি অনুযায়ী ফি গ্রহণের নির্দেশনা দিতে বলা হয়েছে। অন্যথায় সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী হাইকোর্ট বিভাগে রিট দায়েরের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, ২০১৮ সালের গেজেট অনুযায়ী প্রতি হাজারে ফি ছিল ১ টাকা। কিন্তু ২০২৪ সালের সংশোধিত বিধিমালায় এই হার উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। উদাহরণ হিসেবে বলা হয়, ১০০ কোটি টাকার গ্রস প্রিমিয়ামধারী একটি প্রতিষ্ঠানের ফি ১০ লাখ টাকা থেকে বেড়ে ২৫ লাখ টাকায় নির্ধারণ করা হয়েছে, যা ২০৩২ সাল নাগাদ ৫০ লাখ টাকায় পৌঁছাতে পারে। অর্থাৎ, ফি বৃদ্ধি প্রায় ১৫০ শতাংশ থেকে ৫০০ শতাংশ পর্যন্ত।

আইনজীবীর দাবি, অনেক কোম্পানি ইতোমধ্যে ২০২৫ সালের ৩০ নভেম্বরের মধ্যে পূর্বের বিধি অনুযায়ী ফি পরিশোধ করে তাদের দায় পূরণ করেছে। ফলে ২০২৬ সালে এসে নতুন বিধিমালা পূর্ববর্তী লেনদেনের ওপর প্রয়োগ করা আইনের মৌলিক নীতির পরিপন্থী।

নোটিশে আরও বলা হয়, এই বাড়তি ফি বীমা কোম্পানিগুলোর আর্থিক সক্ষমতায় নেতিবাচক প্রভাব ফেলবে। এতে গ্রাহকরা প্রত্যাশিত বোনাস থেকে বঞ্চিত হতে পারেন এবং শেয়ারহোল্ডারদের লভ্যাংশ কমে যেতে পারে, যা সামগ্রিকভাবে বীমা খাতে অস্থিরতা সৃষ্টি করতে পারে।

এছাড়া, আইডিআরএ’র প্রশাসনিক ব্যয় মেটাতে জনগণের ওপর অতিরিক্ত বোঝা চাপানো হয়েছে বলেও অভিযোগ করা হয়। নোটিশে বলা হয়েছে, এ ধরনের ব্যয় বহনের দায়িত্ব আর্থিক প্রতিষ্ঠান বিভাগের হওয়া উচিত।

 

প্রতিদিনের অর্থনীতি/আরএস
Facebook Comments Box
Share
advertisement

Posted ৪:২৭ পিএম | মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com