বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার একটি গ্রামে মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ ও চুরির অভিযোগে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে। এ বিষয়ে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী গ্রামে দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্যের অবাধ লেনদেন ও সেবনের কারণে এলাকার স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।
অভিযোগ অনুযায়ী, একটি নির্দিষ্ট গোষ্ঠী সামাজিক অনুষ্ঠান—বিশেষ করে বিয়ে ও গায়ে হলুদের মতো অনুষ্ঠানের আড়ালে এসব কর্মকাণ্ড চালিয়ে আসছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া প্রতিদিন ওই এলাকায় বহিরাগতদের আনাগোনা এবং একটি নির্দিষ্ট স্থানে দিন-রাত মাদক সেবনের অভিযোগ রয়েছে।
এলাকাবাসী আরও জানান, রাতের বেলায় কিছু ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে চলাফেরা করে এবং সাধারণ মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে। এতে করে অনেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না।
এছাড়া সাম্প্রতিক সময়ে এলাকায় চুরি ও পুকুরের মাছ চুরির ঘটনাও বেড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়দের ধারণা, এসব ঘটনার সঙ্গে একই চক্র জড়িত থাকতে পারে।
বিশেষ করে প্রবাসীদের পরিবারগুলো বেশি ঝুঁকিতে রয়েছে বলে দাবি করেছেন বাসিন্দারা। তাদের অভিযোগ, প্রবাসে থাকা ব্যক্তিদের পরিবারের সদস্যদেরও ভয়ভীতি দেখানো হচ্ছে, যা উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে।
এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বাসিন্দা প্রশাসনের কাছে দ্রুত তদন্ত, মাদক ব্যবসা বন্ধ, জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং এলাকায় নিয়মিত পুলিশ টহল জোরদারের দাবি জানিয়েছেন।
Posted ২:১০ পিএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity