নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৬ মে ২০২৬ | প্রিন্ট
নিয়ন্ত্রক বিধি ভঙ্গের অভিযোগে ব্রোকারেজ প্রতিষ্ঠান সোনালী সিকিউরিটিজ লিমিটেডের ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট (ট্রেক) বাতিল করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রণীত ‘ট্রেডিং রাইট এনটাইটেলমেন্ট সার্টিফিকেট বিধিমালা, ২০২০’-এর নির্দিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে সোনালী সিকিউরিটিজ লিমিটেডের ট্রেক (নম্বর-২৬১) বাতিল করা হয়েছে। বিশেষ করে বিধিমালার ৭(৩) এবং ৩(২)(গ) ধারা ভঙ্গের বিষয়টি এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ প্রেক্ষিতে প্রতিষ্ঠানটির গ্রাহক ও বিনিয়োগকারীদের নিজ নিজ অ্যাকাউন্টে থাকা নগদ অর্থ ও শেয়ারসহ অন্যান্য সিকিউরিটিজ যাচাই করে প্রয়োজনীয় সমন্বয় সম্পন্ন করার জন্য নির্দেশনা দিয়েছে ডিএসই।
পাশাপাশি, সোনালী সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে কারও কোনো দাবি, অভিযোগ বা পাওনা থাকলে তা নির্ধারিত সময়ের মধ্যে জানাতে বলা হয়েছে। সংশ্লিষ্টদের প্রমাণপত্রসহ লিখিত আবেদন আগামী ২১ মে’র মধ্যে ডিএসইর ভারপ্রাপ্ত প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে অনলাইনে জমা দিতে হবে।
উল্লেখ্য, গত বছর প্রতিষ্ঠানটির আর্থিক ও কার্যক্রমগত অবস্থার ওপর নজরদারি জোরদার করতে বিএসইসি একটি তদন্ত কমিটি গঠন করেছিল। সিকিউরিটিজ আইনে নির্ধারিত পরিশোধিত মূলধনের তুলনায় নেট অ্যাসেট ভ্যালু (এনএভি) কমে যাওয়ায় এ তদন্তের উদ্যোগ নেওয়া হয়, যা পরবর্তীতে ট্রেক বাতিলের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
Posted ১:৫৩ এএম | বুধবার, ০৬ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity