নিজস্ব প্রতিবেদক | রবিবার, ১০ মে ২০২৬ | প্রিন্ট
বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতকে নিয়ে বৈশ্বিক পর্যায়ে নতুন বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রস্তুত করছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত এসএমই কোম্পানিগুলোর সর্বশেষ তথ্য-উপাত্ত চেয়েছে সংস্থাটি।
জানা গেছে, এডিবির আসন্ন ফ্ল্যাগশিপ প্রকাশনা ‘এশিয়া স্মল অ্যান্ড মিডিয়াম-সাইজড এন্টারপ্রাইজ মনিটর (এএসএম) ২০২৬’-এ বাংলাদেশের এসএমই খাতের বর্তমান অবস্থা, অর্থায়ন সক্ষমতা ও বাজারভিত্তিক অগ্রগতি তুলে ধরা হবে।
সম্প্রতি এ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বরাবর চিঠি পাঠিয়েছে এডিবি। চিঠিতে বলা হয়, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৬টি উন্নয়নশীল সদস্য দেশের অতিক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এমএসএমই) খাতের উন্নয়ন নীতিতে সহায়তা দিতেই প্রতিবেদনটি তৈরি করা হচ্ছে।
এডিবি মনে করছে, নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্যভান্ডার এসএমই অর্থায়ন ব্যবস্থাকে আরও কার্যকর ও অন্তর্ভুক্তিমূলক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে পুঁজিবাজারভিত্তিক অর্থায়ন, উদ্যোক্তা সহায়তা এবং ক্ষুদ্র শিল্পের টেকসই প্রবৃদ্ধি বিশ্লেষণে এসব তথ্য ব্যবহার করা হবে।
এডিবির চিঠি পাওয়ার পর দেশের দুই প্রধান শেয়ারবাজার—ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) প্রয়োজনীয় তথ্য হালনাগাদের নির্দেশ দিয়েছে বিএসইসি। কমিশন সূত্রে জানা গেছে, নির্ধারিত এক্সেল ফরম্যাটে সর্বশেষ বছরের তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে আগামী ১৫ মে’র মধ্যে এডিবির নির্ধারিত ই-মেইলে পাঠানো হবে।
এডিবি জানিয়েছে, আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে অংশগ্রহণকারী সদস্য দেশগুলোর কোনো একটিতে আনুষ্ঠানিকভাবে ‘এএসএম ২০২৬’ প্রকাশ করা হবে। এতে কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারক, সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা, অর্থনীতিবিদ ও বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশ নেবেন।
Posted ১১:৫৪ এএম | রবিবার, ১০ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity