নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ১৯ মে ২০২৬ | প্রিন্ট
পবিত্র ঈদুল আজহার দীর্ঘ ছুটিতে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাসেবা যাতে ব্যাহত না হয়, সে লক্ষ্যে ১৮ দফা নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। জরুরি বিভাগ, অপারেশন থিয়েটার, ল্যাব, অ্যাম্বুলেন্স ও বিশেষায়িত চিকিৎসাসেবা সার্বক্ষণিক চালু রাখতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৯ মে) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটিকালে নিরবচ্ছিন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি হাসপাতালগুলোকে বিশেষ প্রস্তুতি নিতে হবে।
নির্দেশনায় বলা হয়েছে, হাসপাতালের জরুরি বিভাগে প্রয়োজনে অতিরিক্ত চিকিৎসক নিয়োগ দিয়ে সার্বক্ষণিক চিকিৎসক উপস্থিতি নিশ্চিত করতে হবে। একইসঙ্গে লেবার রুম, জরুরি অপারেশন থিয়েটার, ল্যাব, সিটি স্ক্যান ও এমআরআই সেবা ২৪ ঘণ্টা চালু রাখতে হবে।
ঈদের আগে ও পরে সমন্বয়ের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের ছুটি দেওয়ার কথা বলা হলেও জনস্বার্থ ও জরুরি চিকিৎসাসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
বিভাগীয় ও জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে শিশু ও হাম আইসোলেশন ওয়ার্ডে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিশ্চিত করতে বলা হয়েছে। ছুটির দিনসহ প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসকদের সকাল ও বিকেলে দুই দফা রাউন্ড দেওয়ারও নির্দেশনা রয়েছে।
এছাড়া ঈদের আগেই পর্যাপ্ত ওষুধ, আইভি ফ্লুইড, কেমিক্যাল রিএজেন্ট ও সার্জিক্যাল সামগ্রী মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অ্যাম্বুলেন্স সার্ভিস সচল রাখার পাশাপাশি হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে আগাম অবহিত করতে বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, বহির্বিভাগ একটানা ৭২ ঘণ্টার বেশি বন্ধ রাখা যাবে না। প্রয়োজন অনুযায়ী ২৬ মে ও ৩০ মে হাসপাতাল খোলা রাখার বিষয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রধানরা সিদ্ধান্ত নিতে পারবেন।
বেসরকারি ক্লিনিক ও হাসপাতালগুলোকে নিবন্ধিত চিকিৎসকের তত্ত্বাবধানে সার্বক্ষণিক জরুরি, প্রসূতি ও হাম ওয়ার্ড চালু রাখতে বলা হয়েছে। পাশাপাশি কোনো রোগী রেফার করার আগে প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করা এবং অপ্রয়োজনে রোগী অন্যত্র পাঠানো থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
পশুর হাটসংলগ্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে অতিরিক্ত প্রস্তুতি নেওয়ার কথাও নির্দেশনায় বিশেষভাবে উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
Posted ৬:২৮ পিএম | মঙ্গলবার, ১৯ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity