ঈদ উপলক্ষে আজও চলবে স্বাভাবিক ব্যাংক লেনদেন

নিজস্ব প্রতিবেদক   |   শনিবার, ২৩ মে ২০২৬   |   প্রিন্ট

ঈদ উপলক্ষে আজও চলবে স্বাভাবিক ব্যাংক লেনদেন
Share

ঈদুল আজহাকে সামনে রেখে টানা সাত দিনের সরকারি ছুটির কারণে আজ শনিবারও দেশের সব তফসিলি ব্যাংক খোলা রাখা হয়েছে। সরকার ঘোষিত ছুটি সমন্বয়ের অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় সাপ্তাহিক ছুটির দিনেও স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে গ্রাহকরা আজ ও আগামীকাল রোববার নিয়মিত লেনদেন করতে পারবেন।

সরকারি ও ব্যাংক সূত্রে জানা গেছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত ছুটির ধারাবাহিকতায় কেন্দ্রীয় ব্যাংক গত ১৮ মে এ সংক্রান্ত সার্কুলার জারি করে। বাংলাদেশ ব্যাংকের ‘সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট’ (এসডিএডি) থেকে জারি করা নির্দেশনায় বলা হয়, ২৩ ও ২৪ মে দেশের সব তফসিলি ব্যাংকের শাখা ও উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে।

নির্দেশনা অনুযায়ী, এ দুই দিন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গ্রাহক লেনদেন চলবে। এছাড়া আনুষঙ্গিক দাপ্তরিক কাজের জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৫টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে আরও বলা হয়, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। তবে ঈদকে কেন্দ্র করে তৈরি পোশাক শিল্প খাতের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ এবং আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চালু রাখা হবে।

এ লক্ষ্যে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের পোশাক শিল্পসংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো আগামী ২৫ ও ২৬ মে খোলা থাকবে। এসব শাখায় সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অফিস চললেও গ্রাহক লেনদেন করা যাবে দুপুর ১টা পর্যন্ত।

এদিকে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংক শাখা, উপশাখা ও বুথগুলোতে আগের মতোই সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা সেবা চালু থাকবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সার্কুলারে আরও উল্লেখ করা হয়, ঈদের ছুটিকালেও ঈদের দিন ছাড়া সীমিত আকারে আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে। পাশাপাশি ছুটিকালীন দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী অতিরিক্ত ভাতা দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৭:২৬ এএম | শনিবার, ২৩ মে ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com