নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট
ব্যাংক খাতের মূলধনভিত্তি আরও মজবুত করতে নগদ লভ্যাংশ বিতরণে নতুন বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব ব্যাংকের পরিশোধিত মূলধন ২ হাজার কোটি টাকার কম, তারা আর কোনো ধরনের নগদ লভ্যাংশ ঘোষণা করতে পারবে না। একই সঙ্গে নগদ লভ্যাংশ দেওয়ার যোগ্য ব্যাংকগুলোর ক্ষেত্রেও সীমা বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে ঘোষিত মোট লভ্যাংশের সর্বোচ্চ ৫০ শতাংশ নগদ আকারে দেওয়া যাবে, বাকি অংশ স্টক লভ্যাংশ হিসেবে বিতরণ করতে হবে।
শনিবার (২৩ মে) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা ও অভ্যন্তরীণ আর্থিক ঝুঁকি মোকাবিলায় ব্যাংকগুলোর সক্ষমতা বাড়াতে এবং মূলধন কাঠামোকে আরও শক্তিশালী করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১৩ মার্চ জারি করা ডিওএস সার্কুলার নং-০১ এবং ২০২৬ সালের ১৫ মার্চের এসপিসিডি সার্কুলার নং-০৫-এর ধারাবাহিকতায় নতুন এ নীতিমালা কার্যকর করা হচ্ছে। এর আগে ব্যাংকের আর্থিক সক্ষমতা, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং বিনিয়োগকারীদের রিটার্ন বিবেচনায় লভ্যাংশ বিতরণের বিভিন্ন শর্ত নির্ধারণ করা হয়েছিল।
নতুন নীতিমালায় বলা হয়েছে, বিদ্যমান সব শর্ত পূরণ করে নগদ লভ্যাংশ দেওয়ার যোগ্য হলেও কোনো ব্যাংক মোট ঘোষিত লভ্যাংশের অর্ধেকের বেশি নগদে বিতরণ করতে পারবে না। অর্থাৎ, একটি অংশ বাধ্যতামূলকভাবে শেয়ার লভ্যাংশ হিসেবে রাখতে হবে, যাতে সেই অর্থ ব্যাংকের মূলধনে যুক্ত হয়।
নতুন নির্দেশনা ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে কার্যকর হবে। তবে ২০২৫ সালের ১৩ মার্চ জারি করা আগের সার্কুলার এবং সংশ্লিষ্ট অন্যান্য নির্দেশনার বাকি শর্ত অপরিবর্তিত থাকবে। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।
Posted ১১:৪২ এএম | রবিবার, ২৪ মে ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity