নিজস্ব প্রতিবেদক | সোমবার, ০৮ জুন ২০২৬ | প্রিন্ট
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (৮ জুন) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের জন্য ২০ জুলাই নির্ধারণ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে আগামী বছরের এসএসসি পরীক্ষার রুটিনসহ অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রমও ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।
এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২১ এপ্রিল। তত্ত্বীয় অংশের পরীক্ষা শেষ হয় ২০ মে, আর দাখিল ও এসএসসি ভোকেশনালসহ অন্যান্য ধারার তত্ত্বীয় পরীক্ষা শেষ হয় ২৪ মে।
শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরে মোট ১৮ লাখ ৫৭ হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য ফরম পূরণ করেছিলেন। এর মধ্যে এসএসসি পরীক্ষায় অংশ নেন ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিল পরীক্ষায় অংশ নেন ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।
মন্ত্রণালয় জানায়, নির্ধারিত সময় অনুযায়ী ফল প্রকাশের পর শিক্ষা কার্যক্রম স্বাভাবিক গতিতে এগিয়ে নিতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Posted ৫:০৯ পিএম | সোমবার, ০৮ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity