আমানত চাপ সামলাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার সহায়তা বাংলাদেশ ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ১৪ জুন ২০২৬   |   প্রিন্ট

আমানত চাপ সামলাতে ইসলামী ব্যাংককে ২,৫০০ কোটি টাকার সহায়তা বাংলাদেশ ব্যাংকের
Share

গ্রাহকদের আমানত উত্তোলনের চাপ এবং তারল্য সংকট মোকাবিলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে ২ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (১৪ জুন) সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও চেয়ারম্যান নিয়োগকে ঘিরে সৃষ্ট অস্থিরতার প্রভাবে বিপুলসংখ্যক গ্রাহক আমানত উত্তোলন করেন। ফলে ব্যাংকটির তারল্য পরিস্থিতির ওপর চাপ তৈরি হয় এবং অনেক ক্ষেত্রে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধে জটিলতা দেখা দেয়। একই সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত নগদ জমা সংরক্ষণ (সিআরআর) বাধ্যবাধকতা পূরণেও চাপের মুখে পড়ে ব্যাংকটি।

পরিস্থিতি সামাল দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের কাছে ১০ হাজার কোটি টাকার তারল্য সহায়তা চেয়ে আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে ২ হাজার ৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা অনুমোদন করা হয়েছে।

ব্যাংক খাত সংশ্লিষ্টরা মনে করছেন, এই অর্থায়নের ফলে ইসলামী ব্যাংকের দৈনন্দিন লেনদেন কার্যক্রমে স্বস্তি ফিরবে এবং গ্রাহকদের অর্থ উত্তোলন প্রক্রিয়া আরও স্বাভাবিক হবে।

এর আগে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান ব্যাংকটির তারল্য পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণ নেই বলে মন্তব্য করেন। তিনি জানান, ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত রয়েছে এবং আমানতকারীদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

গভর্নর আরও বলেন, পরিস্থিতির উন্নয়নে ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই ব্যাংকটির তারল্য সংকট কাটিয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।

 

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৬:৩০ পিএম | রবিবার, ১৪ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com