এজেন্ট কমিশন অনিয়মে ৯ বীমা কোম্পানিতে আইডিআরএর বিশেষ অভিযান

নিজস্ব প্রতিবেদক   |   মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   |   প্রিন্ট

এজেন্ট কমিশন অনিয়মে ৯ বীমা কোম্পানিতে আইডিআরএর বিশেষ অভিযান
Share

এজেন্ট কমিশন কার্যক্রম বন্ধ থাকার পরও নতুন করে কমিশন প্রদান এবং বিভিন্ন প্রণোদনার মাধ্যমে ব্যবসা সংগ্রহের অভিযোগে দেশের ৯টি বীমা কোম্পানিতে বিশেষ পরিদর্শন অভিযান শুরু করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। বাজারে সুশাসন ও সমতা নিশ্চিত করতে গঠিত তিনটি পরিদর্শক দল এসব প্রতিষ্ঠানের কমিশন সংক্রান্ত কার্যক্রম খতিয়ে দেখছে।

মঙ্গলবার (১৬ জুন) আইডিআরএ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই এবং নিয়ন্ত্রক নির্দেশনা বাস্তবায়নের বিষয়টি পর্যবেক্ষণের জন্য তিনটি পৃথক পরিদর্শক কমিটি গঠন করা হয়েছে।

আইডিআরএর তথ্য অনুযায়ী, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)-এর আবেদনের পর এবং নন-লাইফ বীমা কোম্পানিগুলোর সম্মতিতে চলতি বছরের ১ জানুয়ারি থেকে ব্যক্তি এজেন্ট কার্যক্রম স্থগিত করা হয়। এর উদ্দেশ্য ছিল বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং অনিয়ন্ত্রিত কমিশনভিত্তিক প্রতিযোগিতা কমানো।

তবে অভিযোগ রয়েছে, সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরও কিছু কোম্পানি বেতন-ভাতা, ‘নো ক্লেইম বোনাস’সহ বিভিন্ন সুবিধার মাধ্যমে পরোক্ষভাবে কমিশন প্রদান অব্যাহত রেখেছে। এতে বাজারে অসম প্রতিযোগিতা তৈরি হচ্ছে এবং নিয়ন্ত্রক নির্দেশনা কার্যকর হচ্ছে না বলে খাত সংশ্লিষ্টরা মনে করছেন।

এই পরিস্থিতিতে গত ৪ জুন জারি করা নির্দেশনার ভিত্তিতে আইডিআরএ পরিদর্শন কার্যক্রম শুরু করে। পরিদর্শনের আওতায় রয়েছে—প্রভাতী ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স, ইউনিয়ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স এবং প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স।

আইডিআরএ জানিয়েছে, পরিদর্শন শেষে প্রতিবেদন ভিজিল্যান্স টিমের কাছে জমা দেওয়া হবে। তদন্তে কোনো ধরনের অনিয়ম বা বিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কোম্পানির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আইডিআরএর সদস্য (সাধারণ বীমা) মোহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, অভিযোগগুলোর বাস্তবতা যাচাইয়ের অংশ হিসেবেই এ পরিদর্শন চলছে। কোনো প্রতিষ্ঠান নির্দেশনা অমান্য করলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

/এসআর
Facebook Comments Box
Share
advertisement

Posted ৩:০৮ পিএম | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

প্রতিদিনের অর্থনীতি |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর

সম্পাদক:
এম এ খালেক
Contact

মাকসুম ম্যানশন (৪র্থ তলা), ১২৭, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০

০১৮৮৫৩৮৬৩৩০

E-mail: protidinerarthonity@gmail.com