নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | প্রিন্ট
বাজারে পরোটার ক্রমবর্ধমান চাহিদা বিবেচনায় উৎপাদন সক্ষমতা বাড়াতে নতুন উৎপাদন ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
কোম্পানিটি জানিয়েছে, গাজীপুরে অবস্থিত কারখানায় একটি নতুন পরোটা উৎপাদন লাইন স্থাপন করা হবে। বিদ্যমান বাজার চাহিদা পূরণ এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করাই এ সিদ্ধান্তের মূল লক্ষ্য।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই-সিএসই) ওয়েবসাইটে প্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য (পিএসআই) থেকে এ তথ্য জানা যায়। এর আগে বুধবার (১৭ জুন) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ১৮৩তম সভায় এ সিদ্ধান্ত অনুমোদিত হয়।
কোম্পানি আশা করছে, নতুন উৎপাদন লাইন চালু হলে পরোটা উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং বাজারে সরবরাহ আরও শক্তিশালী হবে। একই সঙ্গে ক্রমবর্ধমান ভোক্তা চাহিদা পূরণে প্রতিষ্ঠানটির সক্ষমতাও বাড়বে।
তবে নতুন উৎপাদন লাইনের বিনিয়োগ পরিমাণ, বাস্তবায়ন সময় এবং উৎপাদন সক্ষমতা বৃদ্ধির নির্দিষ্ট তথ্য প্রকাশ করেনি কোম্পানিটি।
উল্লেখ্য, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। ‘বি’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ২১৫ কোটি ৮৩ লাখ ৮০ হাজার টাকা, এবং মোট শেয়ার সংখ্যা ২১ কোটি ৫৮ লাখ ৩৭ হাজার ৬২১টি।
Posted ৩:২১ পিএম | বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity