নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২১ জুন ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারের উন্নয়ন, আধুনিকায়ন এবং সার্ভেইল্যান্স ব্যবস্থা আরও কার্যকর করার লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) এর সার্ভেইল্যান্স টিমের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (২১ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বিএসইসি ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব, কমিশনার মো. নাফিজ আল তারিকসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ডিএসইর পক্ষে অংশ নেন ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং চিফ রেগুলেটরি অফিসার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া।
বৈঠকে পুঁজিবাজারে স্বচ্ছতা নিশ্চিত করা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে যেকোনো ধরনের অনিয়ম ও কারসাজি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় ডিএসইর পক্ষ থেকে বাজার কারসাজি রোধে নেওয়া সাম্প্রতিক উদ্যোগগুলো তুলে ধরা হয়।
বিএসইসি জানায়, একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও কার্যকর পুঁজিবাজার গড়ে তুলতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। এজন্য আন্তর্জাতিক সর্বোত্তম অনুশীলন অনুসরণ করে স্টক এক্সচেঞ্জের রিয়েল-টাইম সার্ভেইল্যান্স এবং নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এছাড়া বৈঠকে দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিত করতে সার্ভেইল্যান্স সিস্টেমের উন্নয়ন ও আধুনিকায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
Posted ৪:৩১ পিএম | রবিবার, ২১ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity