নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৯ জুন ২০২৬ | প্রিন্ট
অনলাইনভিত্তিক আর্থিক প্রতারণা প্রতিরোধে দেশের সব ফাইন্যান্স কোম্পানির জন্য নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ ডিজিটাল লেনদেন নিশ্চিত করা এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির ব্যবস্থা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্স কোম্পানি প্রবিধি ও নীতি বিভাগ (এফসিআরপিডি) এফসিআরপিডি সার্কুলার লেটার নং-১৪ জারি করে দেশের সব ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠায়।
সার্কুলারে বলা হয়েছে, কোনো অবস্থাতেই ব্যাংক হিসাবের তথ্য, মোবাইল ব্যাংকিংয়ের পিন, পাসওয়ার্ড বা ওটিপি অন্যের সঙ্গে শেয়ার করা যাবে না। পাশাপাশি সন্দেহজনক লিংকে ক্লিক, অপরিচিত অ্যাপ ডাউনলোড এবং লাইসেন্সবিহীন অনলাইন ঋণ বা বিনিয়োগের প্রলোভনে সাড়া না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া লটারি, পুরস্কার বা বিশেষ অফারের নামে প্রতারণামূলক বার্তার সত্যতা যাচাই ছাড়া বিশ্বাস না করতে এবং প্রতারণার শিকার হলে দ্রুত সংশ্লিষ্ট ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, নিকটস্থ থানায় অথবা বাংলাদেশ ব্যাংকের হটলাইন ১৬২৩৬-এ অভিযোগ জানাতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডিজিটাল আর্থিক সেবার সম্প্রসারণের সঙ্গে সাইবার প্রতারণার ঝুঁকিও বেড়েছে। তাই গ্রাহক সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ লেনদেন নিশ্চিত করতেই এ নির্দেশনা জারি করা হয়েছে।
ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩-এর ধারা ৪১(২)(ঘ)-এর ক্ষমতাবলে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে।
Posted ৬:১০ পিএম | সোমবার, ২৯ জুন ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity