নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট
বে-মেয়াদি (ওপেন-এন্ড) মিউচ্যুয়াল ফান্ডের অর্জিত আয় প্রতিবছর বাধ্যতামূলকভাবে লভ্যাংশ হিসেবে বিতরণ না করে ফান্ডের ভেতরেই পুনঃবিনিয়োগের সুযোগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৩০ জুন) অনুষ্ঠিত বিএসইসির ১০১৮তম জরুরি কমিশন সভায় এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত বুধবার (১ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কোনো ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ডের সম্পদ ব্যবস্থাপক (অ্যাসেট ম্যানেজার) প্রয়োজন মনে করে প্রস্তাব দিলে এবং ট্রাস্টি বিনিয়োগকারী ও পুঁজিবাজারের সামগ্রিক স্বার্থ বিবেচনায় তা উপযুক্ত মনে করলে, অর্থবছর শেষে অর্জিত আয় লভ্যাংশ হিসেবে বিতরণ না করে ফান্ডের মধ্যেই পুনঃবিনিয়োগ করা যাবে।
বাজারসংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগের ফলে ফান্ডের মূলধন ধরে রাখা সহজ হবে এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগের সক্ষমতা বাড়বে। একই সঙ্গে সম্পদের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় ফান্ড ব্যবস্থাপকদের বিনিয়োগ কৌশল বাস্তবায়নে আরও নমনীয়তা তৈরি হবে।
তবে বিএসইসি স্পষ্ট করেছে, এই সিদ্ধান্তের অর্থ এই নয় যে সব ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ড লভ্যাংশ বিতরণ বন্ধ করে দেবে। প্রতিটি ফান্ডের ক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপকের প্রস্তাব এবং ট্রাস্টির অনুমোদনের ভিত্তিতে পৃথকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, আয় পুনঃবিনিয়োগ করা হলে ফান্ডের ইউনিট প্রতি সম্পদমূল্য (এনএভি) বৃদ্ধি পাবে। একই সঙ্গে ইউনিটহোল্ডাররা চাইলে যেকোনো সময় ইউনিট সারেন্ডার করে তাদের অর্থ তুলে নিতে পারবেন। তিনি বলেন, সাধারণত লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে কর আরোপ করা হয়, কিন্তু পুনঃবিনিয়োগ করা আয়ের ক্ষেত্রে সেই কর প্রযোজ্য হবে না। ফলে বিনিয়োগকারীরা সরাসরি উপকৃত হবেন।
পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, বিএসইসির এ সিদ্ধান্ত ওপেন-এন্ড মিউচ্যুয়াল ফান্ড খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগকে উৎসাহিত করবে এবং ফান্ডগুলোর সম্পদভিত্তি আরও শক্তিশালী করতে সহায়ক হবে।
Posted ৯:৪২ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity