নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট
ডাটা সেন্টার স্থানান্তরের কাজের কারণে সিটিজেন্স ব্যাংক পিএলসির কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যাংকিং সেবা প্রায় ৩৫ ঘণ্টার জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। এ বিষয়ে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটিজেন্স ব্যাংকের ডাটা সেন্টার স্থানান্তর কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত সময়ের জন্য ব্যাংকটিকে সিস্টেম ডাউনটাইমের অনুমতি দেওয়া হয়েছে।
এ কারণে আগামী ৯ জুলাই বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১১ জুলাই শনিবার সকাল ১১টা পর্যন্ত ব্যাংকটির কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস), ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং অ্যাপ, এটিএম সেবা এবং সব ধরনের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার চ্যানেল—ইএফটিএন, আরটিজিএস ও এনপিএসবি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ অনুমতি দেওয়া হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Posted ৫:৩৪ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity