প্রতিদিনের অর্থনীতি ডেস্ক: | বুধবার, ০১ জুলাই ২০২৬ | প্রিন্ট
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে গৃহীত বিভিন্ন পদক্ষেপ দেশের পুঁজিবাজারের উন্নয়ন এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সংগঠনটি বাজেটকে সময়োপযোগী ও বাস্তবমুখী উল্লেখ করে সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।
বুধবার (১ জুলাই) বিএমবিএর সেক্রেটারি জেনারেল সুমিত পোদ্দার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাজেটে গৃহীত দূরদর্শী ও বাজারবান্ধব উদ্যোগগুলো পুঁজিবাজারে নতুন বিনিয়োগ আকৃষ্ট করতে, বাজারের গভীরতা ও স্থিতিশীলতা বাড়াতে এবং দেশের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে সহায়ক হবে।
সংগঠনটির মতে, বাজেটে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)-সংক্রান্ত কর সুবিধার মেয়াদ বৃদ্ধি, জিরো-কুপন বন্ডে কর সুবিধা অব্যাহত রাখা, লভ্যাংশ-সংক্রান্ত কর সুবিধা, ব্যাংকিং খাতের জন্য প্রণোদনামূলক ব্যবস্থা এবং মিউচুয়াল ফান্ডের কর কাঠামোর যৌক্তিক সমন্বয়সহ বেশ কয়েকটি ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। এসব উদ্যোগের জন্য সরকার ও সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে বিএমবিএ।
বিএমবিএ আরও জানায়, দেশের পুঁজিবাজারের আধুনিকায়ন, টেকসই ও বিনিয়োগবান্ধব বাজারব্যবস্থা গড়ে তোলা এবং সরকারের চলমান সংস্কার কার্যক্রম বাস্তবায়নে ভবিষ্যতেও তারা সরকার, নিয়ন্ত্রক সংস্থা ও অন্যান্য অংশীজনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাবে।
Posted ৩:০০ পিএম | বুধবার, ০১ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity