নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৫ জুলাই ২০২৬ | প্রিন্ট
পুঁজিবাজারে তালিকাভুক্ত জিলবাংলা সুগার মিলস লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ায় বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। কোম্পানিটির শেয়ারদর বৃদ্ধির পেছনে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
রোববার (৫ জুলাই) ডিএসই এ-সংক্রান্ত সতর্কবার্তা প্রকাশ করে।
ডিএসই সূত্রে জানা গেছে, জিলবাংলা সুগারের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে গত ২ জুলাই কোম্পানি কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। জবাবে কোম্পানিটি জানায়, শেয়ারদর বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত তাদের কাছে কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য নেই।
অর্থাৎ, কোম্পানির পক্ষ থেকে এমন কোনো তথ্য প্রকাশ করা হয়নি, যা শেয়ারটির দর বৃদ্ধিতে প্রভাব ফেলতে পারে।
বাজার তথ্য অনুযায়ী, গত ২২ জুন জিলবাংলা সুগারের প্রতিটি শেয়ারের দাম ছিল ১২৩ টাকা ৪০ পয়সা। সর্বশেষ গত বৃহস্পতিবার (২ জুলাই) লেনদেন শেষে শেয়ারটির দাম বেড়ে দাঁড়ায় ১৬০ টাকা ৫০ পয়সায়।
এ হিসাবে সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৭ টাকা ১০ পয়সা বা প্রায় ৩০ দশমিক ০৬ শতাংশ।
ডিএসই বিনিয়োগকারীদের কোম্পানিটির শেয়ার কেনাবেচার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং যাচাই-বাছাই করে বিনিয়োগের পরামর্শ দিয়েছে।
Posted ২:৪৬ পিএম | রবিবার, ০৫ জুলাই ২০২৬
প্রতিদিনের অর্থনীতি | Protidiner Arthonity